এবার মঞ্চে কাজ করতে চান ডিক্যাপ্রিও

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে বিচরণ করছেন ‘টাইটানিক’ তারকা লিওনার্দো ডিক্যাপ্রিও। একটা সময়ে ছোট পর্দায়ও কাজ করেছেন। তবে কখনোই মঞ্চে অভিনয় করা হয়নি তাঁর। বহুদিন ধরে মঞ্চে অভিনয়ের স্বপ্ন দেখছেন তিনি। এবার সেই স্বপ্ন পূরণের জন্য উঠেপড়ে লেগেছেন। এরই মধ্যে তাঁর হাতে মঞ্চ নাটকের বেশ কয়েকটি চিত্রনাট্য জমা পড়েছে। ব্যাটে-বলে মিলে গেলে যত দ্রুত সম্ভব মঞ্চে পা রাখতে চান মার্কিন এ তারকা।
এ প্রসঙ্গে পাঁচবার অস্কার মনোনয়ন পাওয়া এ অভিনেতার ভাষ্য, ‘বছরের পর বছর ধরে মঞ্চে অভিনয় করার স্বপ্ন দেখছি আমি। কিন্তু অন্যান্য কাজের ব্যস্ততায় মঞ্চ নাটকের সঙ্গে সম্পৃক্ত হতে পারিনি। এবার সম্ভবত দীর্ঘ লালিত সেই স্বপ্ন পূরণের সময় এসেছে।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে যুক্তরাজ্যের ডেইলিমেইল ডটকম।
ডিক্যাপ্রিও আরও বলেন, ‘সামনে কয়েকটি চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিতে হবে আমাকে। ভ্রমণ নিয়েও ব্যস্ত থাকতে হবে। এসব ব্যস্ততা থেকে মুক্তি পাওয়ার পর সম্ভবত মঞ্চ নাটকে অভিনয় করব আমি। এই মুহূর্তে বেশ কয়েকটি মঞ্চ নাটকের চিত্রনাট্য পড়ছি। মঞ্চে অভিনয় করতে পারলে সত্যিই আমার অনেক ভালো লাগবে।’
গত বছর মুক্তি পাওয়া ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’ ছবিতে জর্ডান বেলফোর্ট চরিত্রে ডিক্যাপ্রিওর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। ছবিটিতে অনবদ্য অভিনয়ের স্বীকৃতি হিসেবে আগামী ২ মার্চ অনুষ্ঠেয় ৮৬তম অস্কার আসরে সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন ৩৯ বছর বয়সী এ অভিনেতা।