এবার মুখোমুখি শাবনূর

শাবনূর বিয়ে করেছেন, তিনি মা হতে যাচ্ছেন, ২২ অথবা ২৩ ডিসেম্বর তাঁর মা হওয়ার সম্ভাবনা আছে—খবরগুলো এরই মধ্যে অনেকেই জেনে গেছেন। কিন্তু যাঁকে নিয়ে এই আলোচনা, তিনি কি এবার মুখ খুলবেন? একটু চেষ্টা করা যাক। শাবনূর আছেন এখন অস্ট্রেলিয়ায় সিডনিতে। গতকাল বুধবার দুপুরে মুঠোফোনে পাওয়া গেল তাঁকে। এবারও প্রসঙ্গগুলো এড়িয়ে যেতে চাইলেন। শেষে সব বিষয়েই কথা বললেন তিনি।
আর কদিন বাদেই শাবনূর মা হতে যাচ্ছেন। শুরুতেই বললেন সেই অনুভূতির কথা, ‘খুব আনন্দ হচ্ছে। একেবারেই অন্য রকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করতে পারব না। মজার ব্যাপার হলো, আমার বোনেরও বাচ্চা হবে। সব মিলিয়ে আমাদের পরিবারে এখন সবার মনেই আনন্দ। আমাদের জন্য দোয়া করবেন।’
শাবনূরের বিয়ে হয়েছে ২০১১ সালের ৬ ডিসেম্বর। গত মঙ্গলবার শাবনূরের বিয়ের খবর জানালেন তাঁর বাবা শাহজাহান চৌধুরী। বিয়ে খবর নিয়ে কেন এই লুকোচুরি? শাবনূর বলেন, ‘আমি বিয়ের ব্যাপারে সব সময় বলেছি, যখন হবে তখন বলব। এখন তো জেনেছেন। বিয়ের পর আমি অস্ট্রেলিয়ায় চলে আসি। মাঝে অবশ্য দেশে যাই। কিন্তু বিয়ের ব্যাপারে কোনো কথা বলিনি। ভেবেছিলাম আনুষ্ঠানিকভাবে সবাইকে জানাব।’
এবার এল স্বামী অনিকের প্রসঙ্গ। শাবনূর বলেন, ‘অনিক আমার ভালো বন্ধু। স্বামী হিসেবে ওর মতো একজন বন্ধুকে প্রত্যাশা করেছিলাম। বধূ তুমি কার ছবিতে আমরা একসঙ্গে অভিনয় করেছি। তখনই ওর সঙ্গে পরিচয় হয়। এরপর অনিকের বাবা-মার সঙ্গে দেখা হয়েছে। একসময় আমাদের সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়ায়। বিয়ের ব্যাপারটি দুই পরিবারের সিদ্ধান্তেই হয়েছে।’
শাবনূর জানান, অনিক ইউডা থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক করেছে। এখন ছবি তৈরির পরিকল্পনা করছে।
শাবনূর এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই আছেন। বাংলাদেশে আসেন মাঝে মাঝে। তবে শাবনূরের কথা হলো, ‘পৃথিবীর অনেক দেশ ঘুরেছি, কিন্তু বাংলাদেশের মতো শান্তি কোথাও পাইনি। এই দেশ আমাকে অনেক কিছু দিয়েছে। আজকে আমি যে শাবনূর হয়েছি, তা বাংলাদেশের মানুষের ভালোবাসার জন্যই। আমার মনটা কিন্তু পড়ে থাকে বাংলাদেশে। তাই অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে থাকার ইচ্ছে আমার নেই।’