এবার মুঠোফোনে তৌসিফের ‘অনিদ্রা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাবিব ওয়াহিদের পর এবার মুঠোফোনে মুক্তি পেয়েছে তৌসিফের অ্যালবাম। এটি তাঁর ষষ্ঠ একক। নাম ‘অনিদ্রা’। রোজার মাঝামাঝি সময়ে অ্যালবামটি শ্রোতারা সিডি আকারে হাতে পাবেন। তারও আগে অপ্রকাশিত হিসেবে এই অ্যালবামের গান শুনতে পারবেন শ্রোতারা। গতকাল শুক্রবার থেকে এই প্রক্রিয়া শুরু হয়েছে। গ্রামীণফোন গ্রাহকেরা মুঠোফোন থেকে ৪৮৭৮ নাম্বারে ডায়াল করে শুনতে পারবেন তৌসিফের নতুন অ্যালবামের পাঁচটি গান। গানগুলোর শিরোনাম ‘এক পা দু পা’, ‘দেখা হবে’, ‘নয়নে বরষা’, ‘নেই পাশে’, এবং ‘ভালোবাসি তোমাকে’। তৌসিফ বলেন, ‘অ্যালবামের প্রচারণা এবং পাইরেসি রোধ করার জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বেশ সাড়াও পাওয়া যাচ্ছে।’তৌসিফ আরও বলেন, অ্যালবাম প্রকাশের পরও এই প্রক্রিয়াটি অব্যাহত থাকবে। তাঁর অনিদ্রা অ্যালবামে মোট গান থাকছে ১০টি। এগুলোর মধ্যে দুটি গানে দিনাত জাহানের সঙ্গে দ্বৈত গেয়েছেন তিনি। গানের কথা লিখেছেন এস এ হক অলীক, রবিউল ইসলাম জীবন, আরফিন আহমেদ, তানভীর আহমেদ, সাদাফ ও মমিনুল ইসলাম। অনিন্দ্রা অ্যালবামের সব গানের সুর করেছেন তৌসিফ নিজেই। এ ছাড়া ইংরেজিতে করা একটি গানের কথাও লিখেছেন তিনি।সিডি আকারে অ্যালবামটি বাজারজাত করবে প্রযোজনা প্রতিষ্ঠান অগ্নিবীণা।