এবার মেয়ে সেজে অভিনয়
কোনো কিছু করতে না পেরে শেষে একটা পার্লার খুলে বসেন অভিনেতা হাসান মাসুদ। পার্লারের বাড়তি খরচ কমাতে কারিগর হিসেবে নিজেই কাজে নেমে পড়েন। আর এ জন্য তাঁকে মেয়ে সাজতে হচ্ছে। মেয়ে সেজেই পার্লারের যাবতীয় কাজ-কর্ম পরিচালনা করছেন। ঈদের জন্য নির্মিত মুনতাসির রচির রচনা ও পরিচালনায় ক্যাটরিনা কাইফের বিউটি পার্লার নামের একটি নাটকে মেয়ে সেজেই অভিনয় করতে দেখা যাবে তাঁকে। এ ধরনের অভিনয় প্রসঙ্গে হাসান মাসুদ বলেন, ‘নাটকের জন্য এই প্রথম মেয়ে সাজতে হচ্ছে। এখানে আমার সঙ্গে আরও আছেন ফারুক ভাই (ফারুক আহমেদ)। নাটকটিতে তাঁকেও মেয়ে সাজতে হবে। বিষয়টা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। নাটকের গল্পটাও বেশ মজার। এতে বৈচিত্র্য থাকার কারণে কাজটি করতে রাজি হয়েছি। ঈদের অনুষ্ঠানমালায় এমন নাটক দেখে দর্শকেরা খুব আনন্দ পাবে।’এবারের ঈদে হাসান মাসুদের প্রায় ১০-১২টি নাটক প্রচারের সম্ভাবনা রয়েছে। প্রতিটি নাটকে তাঁর চরিত্রেও বেশ বৈচিত্র্য রয়েছে। এ ছাড়া বর্তমানে হাসান মাসুদের কাছে দুটি সিনেমার প্রস্তাব রয়েছে। সবকিছু ঠিকঠাকভাবে মিললে শিগগিরই নতুন দুটি সিনেমায় দেখা যেতে পারে তাঁকে।