এবার মেয়র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের যেকোনো অঞ্চলের সংস্কৃতির ধারক ও বাহক হলেন ওই অঞ্চলের নগরের মেয়র। মেয়রই নিজ নিজ অঞ্চলে শিল্প-সাহিত্যের চর্চাকে এগিয়ে নিতে ভূমিকা রাখেন। মেয়রকে ঘিরে নগরের সংস্কৃতির চর্চা আবর্তিত হওয়ার কথা। উন্নত বিশ্বে মেয়রের এ ধরনের কর্মকাণ্ড দেখা যায়। তবে আমাদের এখানে মেয়রের সেই চর্চা তেমন একটা চোখে পড়ে না। উন্নত বিশ্বে মেয়রের নামে প্রতিবছর টানা নাট্যোৎসবও হয়। কিন্তু আমাদের এখানে এ ধরনের উদ্যোগ নেই। এই প্রথম বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন এ ধরনের এক উদ্যোগ হাতে নিয়েছে। তারা পর্যায়ক্রমে দেশের সব বিভাগে ‘মেয়র উৎসব’ নামে নাট্যোৎসব করবে। উৎসবের যাবতীয় অর্থায়ন ও তত্ত্বাবধান করবেন নগরের মেয়র। আয়োজনে থাকবে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন। ফেডারেশন সূত্রে জানা গেছে, অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে এ উৎসব শুরু হবে। প্রথমেই শুরু হচ্ছে বরিশাল থেকে। জানা গেছে, ৮ অক্টোবর থেকে বরিশালের দুটি মিলনায়তনে এ উৎসব হবে। চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। উৎসবে ঢাকাসহ সব বিভাগীয়ও শহরের একটি করে দল নাটক পরিবেশন করবে। প্রতিদিনই দুটি করে নাটক মঞ্চস্থ হবে। উৎসবের শেষ দিন থাকছে একটি নাটক। বরিশাল মেয়র উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দ দুলাল জানান, সম্ভাব্য তারিখ ৮ অক্টোবর থেকেই শুরু হবে। তবে এখন পর্যন্ত কোন কোন দল নাটক পরিবেশন করবে, তা ঠিক হয়নি। এ ধরনের উৎসব আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, এটা শুধু বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের একার কৃতিত্ব নয়, সব নাট্যকর্মীর অর্জন। আমি মনে করি, বরিশাল সিটি মেয়রের এটি একটি সাহসী পদক্ষেপ। প্রথম বরিশালই এই উৎসবের যাত্রা শুরু করছে। আস্তে আস্তে সব পৌর নগরেই এ উৎসব হবে। এদিকে সিলেট পৌর নগরের মেয়র উৎসবের আহ্বায়ক ও ফেডারেশনের সভাপতিমণ্ডলীর সদস্য শান্তনু জানিয়েছেন, বরিশাল শেষ হলেই সিলেটে এই উৎসব শুরু হবে। ইতিমধ্যে সিলেট পৌর মেয়রের সঙ্গে এ ব্যাপারে কথাবার্তা চূড়ান্ত হয়েছে বলে তিনি জানান। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বলেন, ‘আমরা ইতিমধ্যে ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রামের মেয়রের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তাঁরা রাজি হয়েছেন। অন্যদের সঙ্গে শিগগিরই কথা সেরে নেব। এ ধরনের উৎসব আয়োজন প্রসঙ্গে তিনি বলেন, উন্নত বিশ্বের সব জায়গাতেই বিভিন্ন নগরে মেয়রের নামে নাট্যোৎসব হয়। ফলে এসব উৎসবের মধ্য দিয়ে সংস্কৃতির চর্চাটাও বেগবান হয়। আমাদের এখানে কখনোই এ ধরনের উৎসব ছিল না। আমরা বেশ কিছুদিন ধরেই আয়োজনটি নিয়ে কাজ করে আসছি। শেষ পর্যন্ত আমরা বিভিন্ন নগরের মেয়রের সঙ্গে কথা বলে “মেয়র উৎসব” আয়োজন করতে পারছি। আমার বিশ্বাস, এই আয়োজনের মধ্য দিয়ে আমাদের নাট্যচর্চা আরও উন্নত হবে। আমাদের থিয়েটার-চর্চা একটা ভিন্নতা পাবে।’ তিনি আরও বলেন, প্রতিটি পৌর নগরে আট দিন করে উৎসব হবে। এ ব্যাপারে প্রাথমিক আলোচনা হয়েছে। উৎসবে সব পৌর শহর থেকেই নাটকের দল অংশ নেবে।