এবার মোশাররফ করিমের বিপরীতে মিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারই প্রথম মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করলেন লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম। আর বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিতও তিনি। মিম বলেন, ‘অনেক দিন ধরে মোশাররফ ভাইয়ের অভিনয় দেখে আসছিলাম। ওনার অভিনয় দেখে মনে মনে ভেবেছিলাম কাজ করব। অবশেষে সে সুযোগটা হয়ে গেল। কাজ করতে গিয়ে মোশাররফ ভাইয়ের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি।’ আলম আশরাফের পরিচালনায় নির্মিত এ ধারাবাহিকের নাম ‘তাল-বেতাল’। সম্প্রতি নাটকটির প্রথম ভাগের শুটিং শেষ করেছেন মিম। নাটকটিতে বেশ কিছু সামাজিক বক্তব্যও রয়েছে বলে জানা গেছে। নাটকের বিষয়ে বর্তমান সময়ে আলোচিত ইভ টিজিং বিষয়টিকে বেশ ভালোভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নাটকটিতে অভিনয় সর্ম্পকে মিম আরও বলেন, ‘তাল-বেতাল নাটকে অভিনয় আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। এতে কাজ করে আমি অভিনয়ের অনেক খুটিনাটি বিষয় শিখতেও পারছি।’ তাল-বেতাল নাটকটি ছাড়া মিম বর্তমানে বেশ কয়েকটি নতুন ধারাবাহিকে কাজ করছেন। এগুলো হচ্ছে, হাবিব মাসুদের ‘মতিঝিল কমার্শিয়াল এরিয়া লি.’, ইফতেখার আহমেদের ‘রসময় গ্রাম’, আবুল হায়াতের ‘১০৪ পর্ব’ এবং সাজ্জাদ সুমনের নতুন একটা ধারাবহিক। এই নটকগুলো ছাড়া ভালোবাসা দিবস এবং পয়লা বৈশাখের বেশ কয়েকটি এক ঘণ্টার নাটকের কথাবার্তা চলছে বলেও জানান মিম।