এবার রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথমবারের মতো রবীন্দ্রসংগীতের অ্যালবাম করলেন শিল্পী সৈয়দ আব্দুল হাদী। তাঁর পছন্দের নয়টি গান থাকছে এই অ্যালবামে। নাম যখন ভাঙবে মিলনমেলা। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তিনি এবার রবীন্দ্রসংগীতের অ্যালবাম করেছেন। রবীন্দ্রসংগীতের অ্যালবাম করার অভিপ্রায় প্রসঙ্গে সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘আমার বাবা সৈয়দ আব্দুল হাই গুনগুন করে রবীন্দ্রসংগীত গাইতেন। তিনি পেশাদার গায়ক ছিলেন না। তাঁর গান লুকিয়ে শুনতাম। কারণ, আমরা তাঁর গান শুনছি, বুঝতে পারলে তিনি বিরক্ত হতেন। যা-ই হোক, ছোটবেলায় বাবার কণ্ঠে শুনে শুনে ওই গানগুলো মুখস্থ হয়ে গিয়েছিল। এরপর যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্যে ভর্তি হলাম, তখন রবীন্দ্রসাহিত্যের প্রতি আরও দুর্বল হলাম। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত গেয়েছি।’ সৈয়দ আব্দুল হাদী জানান, তিনি বেশ কিছুদিন সুরকার আব্দুল আহাদের কাছে রবীন্দ্রসংগীতের তালিম নিয়েছেন। পঁচিশে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনে অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা তাঁর। আর তা প্রকাশ করবে লেজার ভিশন।