এবার রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতা
‘সেরা কণ্ঠ’ ও ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার পর এবার চ্যানেল আই আয়োজন করছে রবীন্দ্রসংগীতের প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠান ‘নবগানে নবপ্রাণে’। এই আয়োজনে সহযোগিতা করছে ব্রিটিশ কাউন্সিল ও গ্রামীণফোন। এই প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে থাকবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে আমরা এই প্রতিযোগিতার আয়োজন করেছি। এরই মধ্যে সারা দেশ থেকে ৪০ জন প্রতিযোগীকে বাছাই করা হয়েছে। কাল বুধবার থেকে এই প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানটি দেখানো হবে চ্যানেল আইতে। ১০টি পর্বে শেষ হবে অনুষ্ঠানটি।’তিনি আরও বলেন, ‘যুক্তরাজ্যে অনেক ইংরেজি ভাষাভাষী এখন রবীন্দ্রসংগীতের চর্চা করছেন। রবীন্দ্রনাথের সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে তাঁদের মধ্য থেকে একদল শিল্পীকে নিয়ে লন্ডনে রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান আয়োজন করা হবে। নবগানে নবপ্রাণে প্রতিযোগিতার সেরা শিল্পীরা গান করবেন ওই শিল্পীদের সঙ্গে।’ সেরা দশের গানগুলোর সংগীতায়োজন করবে রেনেসাঁ ব্যান্ড। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মৌসুমী বড়ুয়া, আর পরিচালনা করছেন রেহানা সামদানী।