এবার রবীন্দ্রসাহিত্যের ধারাবাহিকে অনি
‘রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবার্ষিকী উপলক্ষে “মহামায়া” ও “অস্পষ্ট” নামের দুটি খণ্ড নাটকে কাজ করেছিলাম। দুটি নাটকই ছিল অসাধারণ। পঁচিশে বৈশাখে নাটক দুটি দেখানো হয়েছে দেশ টিভি এবং আরটিভিতে। রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্য কবিতা “অস্পষ্ট” অবলম্বনে “অস্পষ্ট” নাটকটি তৈরি হয়েছে। মজার ব্যাপার হচ্ছে, “অস্পষ্ট” নাটকের পুরোটা দৃশ্যজুড়ে আমার এবং সহশিল্পীর কারও কোনো সংলাপ ছিল না। বিষয়টা যেমন ছিল কষ্টদায়ক, ঠিক তেমনি অনেক বেশি আনন্দের।’ বলছিলেন মঞ্চ ও টিভি অভিনেতা ওমর আয়াজ অনি।অনি আরও বলেন, ‘এবার রবীন্দ্রনাথের কয়েকটি ছোটগল্প নিয়ে ধারাবাহিকেও কাজ করব।’ রবীন্দ্রসাহিত্যের ছোট গল্পগুলোকে নিয়ে ধারাবাহিক নাটকটি বানাচ্ছেন নুরুল আলম আতিক। আগামী ২০ তারিখ থেকে নাটকটির শুটিংয়ে অংশ নেবেন অনি।এই ধারাবাহিকটি ছাড়া অনি বর্তমানে আরও বেশ কয়েকটি নাটকের কাজ করছেন। এগুলোর মধ্যে আছে কাজী শাহেদুল ইসলামের ‘রূপান্তরের মানুষ’, রায়হান খানের ‘ঢাকা মেট্রো’, মিজানুর রহমানের ‘হাত’ ও জাহিদ বিপ্লবের ‘কানা’। এ ছাড়া অনি বেশ ঈদের নাটকের কাজও শুরু করেছেন। ঈদের নাটকের ব্যস্ততা সম্পর্কে অনি বলেন, এরই মধ্যে নির্মাতাদের ঈদের নাটকের ব্যস্ততা শুরু হয়ে গেছে। শেষ করলাম দুটি এক ঘণ্টার নাটকের কাজ। বেশ কয়েকটি নতুন নাটকের কাজ নিয়ে কথাবার্তা চলছে।