এবার রুহির 'থ্রি ইল্লিগ্যাল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহি
রুহি

‘থ্রি ইল্লিগ্যাল’ নামে নতুন একটি ছবিতে অভিনয়ের জন্য সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন রুহি। এ বছরের এপ্রিলে যুক্তরাজ্যে ছবিটির শুটিং শুরু হবে বলে জানান তিনি।

রুহি বলেন, ‘যুক্তরাজ্যে অবৈধ প্রবাসী বাঙালিদের বিভিন্ন দুঃসহ জীবনের ঘটনা নিয়ে “থ্রি ইল্লিগ্যাল” ছবির গল্প। এখানে আমি যুক্তরাজ্যে একজন নাগরিকের চরিত্রে অভিনয় করব। নাম আফসানা। অবৈধ প্রবাসী বাঙালিদের সব ধরনের জটিলতা দূর করার চেষ্টা করি এবং বিভিন্ন দুঃখ-কষ্টে সহযোগিতা করি।’

রুহি এ-ও বলেন, ‘আমি এর মধ্যে বেশ কয়েকটা ছবিতে অভিনয় করেছি। তার মধ্যে “থ্রি ইল্লিগ্যাল” ছবির বিষয়বস্তু একেবারে নতুন মনে হয়েছে। বলতে পারেন, আন্তর্জাতিক বিষয়বস্তু নিয়ে ছবিটির গল্প। ছবিটি নিয়ে আমার প্রত্যাশাও অনেক।’

আমিনুল ইসলাম বাপ্পি পরিচালিত ‘থ্রি ইল্লিগ্যাল’ ছবিটিতে রুহি ছাড়া আরও অভিনয় করবেন ফেরদৌস, নিপুণ, আনিসুর রহমান মিলন, চম্পা ও শহীদুল আলম সাচ্চু প্রমুখ।

এদিকে রুহি এখন অনিমেষ আইচের ‘জিরো ডিগ্রি’ ও ইসমত আরার পরিচালনায় ‘মায়ানগর’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। ১০ জানুয়ারি থেকে আবার নতুন করে ‘জিরো ডিগ্রি’ ছবিটির শুটিং শুরু করবেন তিনি। ছবিটিতে রুহি অভিনয় করেছেন মাহফুজ আহমেদের বিপরীতে।