পাঁচ বছর আগে যখন অভিজিৎ সাওয়ান্ত অমিত সানার সঙ্গে পাল্লা দিয়ে ‘প্রথম ইন্ডিয়ান আইডল’-এর খেতাব জয় করে নিয়েছিলেন, তখন এই অনুষ্ঠান ঘিরে দর্শক-আগ্রহ ছিল চরমে। কিন্তু পরবর্তী বছরগুলোতে সন্দ্বীপ, প্রশান্ত তামাং, সৌরভীর খেতাব জেতাটা সেই অর্থে দর্শকের আনুকূল্য পায়নি। হাতেগোনা তিন-চারজন ছাড়া ইন্ডিয়ান আইডল-এর কেউই সংগীতজগতে প্রবেশ করতে পারেননি, খ্যাতি তো দূর অস্ত। তবে এবার আশায় বুক বাঁধছেন সবাই। ইন্ডিয়ান আইডল-এর পঞ্চম আসরের সেরা ১৩-তে যে কজন ঠাঁই পেয়েছেন, প্রত্যেকেই দর্শক-সমর্থন আদায় করে ছেড়েছেন। এর কারণও অবশ্য আছে। এবারের বিচারক অনু মালিক, সুনিধি চৌহান, সেলিম মার্চেন্ট শুধু ‘দেশের আওয়াজ’ই খুঁজে বেড়াচ্ছেন। আগের বছরগুলোতে যেমন ফারাহ খান কিংবা সোনালি বেন্দ্রেকে রাখা হয়েছিল ‘এক্স-ফ্যাক্টর’ খোঁজার জন্য, এবার শুধু একজন সম্পূর্ণ ‘গায়ক’-এর তালাশ করছেন বিচারকেরা। এবার পুরস্কারের তালিকাতেও যোগ হয়েছে চমক। ফাইনালের প্রতিটি পর্বে সেরা গায়ক পাচ্ছেন একটি করে মোটরসাইকেল। ইন্ডিয়ান আইডল-৫ পাবেন যশ রাজ ফিল্মস প্রযোজিত ছবিতে প্লে-ব্যাক করার সুযোগ। সনির সঙ্গে চুক্তি তো আছেই।অনেক চড়াই-উতরাই পেরিয়ে এখন চলছে সেরা-১০-এর লড়াই। বিশ্বাস রায়, মেঘনা কুমার, মনীষা কর্মকার বাদ পড়ার পর এখন সেরা-১০-এ আছেন অর্পিতা খান, ভূমি ত্রিবেদী, স্বরূপ খান, নওশাদ আলী কাওয়া, শশী সুমন, শিভাম পাঠক, শ্রীরাম, রাকেশ মাইনি, টিয়া কর, যশরাজ কাপিল। এদের মধ্যে রাকেশ, মনীষা, টিয়ার গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। তবে মনীষা গত বছর বাংলাদেশের ছবিতে শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় শানের সঙ্গে প্লে-ব্যাক করেছিলেন। অন্যদিকে যশরাজ, বিশ্বাস, ভূমি, অর্পিতা, শ্রীরামের মতো প্রতিযোগীদের রিয়েলিটি শো এবং প্লে-ব্যাকে কাজ করার অভিজ্ঞতাও আছে। যশরাজ একটি রিয়েলিটি শোতে বিজয়ীও হয়েছিলেন। ভূমি গত দুই বছর ইন্ডিয়ান আইডল-এ অংশ নিয়ে নির্বাচিত হয়েছিলেন। প্রথমবার ভূমি নিজেই সরে দাঁড়ান জন্ডিসের কারণে। গত বছর নির্বাচিত হয়ে আবারও সরে দাঁড়ান প্রিয় মাসী ক্যানসারে মারা যাওয়ার কারণে। বড়োদার মেয়ে ভূমির (২১) বাবা গান করেন। মায়েরও গানের গ্রুপ আছে। বড় বোন ভরতনাট্যমশিল্পী। ভূমি নিজে অষ্টম শ্রেণী থেকে গান শিখছেন। র্যাপ গানেও তিনি পারদর্শী। এদিকে কলকাতার অর্পিতা (১৯) ইতিমধ্যেই বেশ কটি বাংলা ছবিতে প্লে-ব্যাক করেছেন। প্রধান শিক্ষক বাবার মেয়ে অর্পিতা পাঁচ বছর বয়স থেকে গান শিখছেন। হায়দরাবাদের শ্রীরাম (২৪) বেশ কয়েক বছর ধরেই তেলেগু ছবিতে প্লে-ব্যাক করছেন। বলিউডে কাজ করার বাসনা নিয়েই এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন তিনি।নয়াদিল্লির যশরাজ (১৮) ও রাজস্থানের স্বরূপের (১৯) সম্পর্কে অনেকেরই অভিযোগ-খ্যাতি তাঁদের মধ্যে অহংবোধের জন্ম দিয়েছে। গ্রামের ছেলে স্বরূপ এর আগে কখনোই বলিউডি গান করেননি। তবে তাঁর পরিবার এবং গ্রামের সবাই রাজস্থানী ফোক গান করেন। এর আগে বিজ্ঞাপন করেছিলেন বর্নভিটার। মিল্ক ও ওপিয়াম নাটকের জন্য সেরা অভিনেতার স্থানীয় পুরস্কারও পেয়েছিলেন। জয়পুরের নওশাদের (১৮) পরিবারেও সবাই গান করেন। দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন নওশাদ। আগ্রার রাকেশকে (২৭) বলা হচ্ছে ‘আন্ডারডগ’। ১১ ভাইবোনের পরিবারে কেউ কখনো গান করেননি।শশী সুমনের (২১) কাহিনি সেদিক দিয়ে সবার চেয়ে আলাদা। পাটনায় নিজের বাড়ি থেকে গানের অনুপ্রেরণা পাননি বলে সাত বছর আগে ঘর ছেড়েছিলেন। এক হাজার রুপি পকেটে নিয়ে বানারাস, লক্ষৌ, মধ্য প্রদেশে সংগীতের বিশ্ববিদ্যালয় খুঁজেছিলেন। ছয় বছর লক্ষৌতেই সংগীতের ওপর পড়াশোনা করেছেন শশী। সেখানে এক বন্ধুর পরামর্শে বাচ্চাদের গান শেখানোর বদৌলতে থাকার জায়গা খুঁজে পান। দুই বছর আগে ক্যারিয়ার গড়ার তাগিদে মুম্বাইয়ে চলে আসেন শশী। এখানে কে দেবে ঠাঁই? রেলওয়ের প্লাটফর্মেই জায়গা খুঁজে নেন শশী। গান গেয়ে প্রতিষ্ঠিত হয়ে শশী মা-বাবাকে বোঝাতে চান, সংগীত খারাপ কিছু নয়।এবারের আরেক ‘হট ফেবারিট’ উত্তর প্রদেশের শিভাম (২০)। মুম্বাইয়ে হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের ওপর পড়াশোনা করছিলেন শিভাম। গায়ক হওয়ার নেশায় পড়াশোনা ছেড়ে চলে এসেছেন। ‘আবেগের রানী’ টিয়ার (১৯) অবস্থাও তা-ই। টিয়া মুম্বাইতে একা থাকেন। ফ্যাশন ডিজাইনিং ও আইন নিয়ে পড়াশোনা করছেন টিয়া। গানের কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও গায়িকা হওয়ার নেশা পেয়ে বসেছে তাঁকে। মেধাবী এসব মুখকে নিয়ে জমে উঠেছে এবারের ইন্ডিয়ান আইডল। আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট