এবার শাহরুখ নয় সালমান!

বলিউডের প্রখ্যাত নির্মাতা করণ জোহরের সঙ্গে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের দারুণ দোস্তির বিষয়টি মোটেও নতুন নয়। শিগগিরই করণের পরিকল্পনা ও উপস্থাপনায় তারকা আড্ডার অনুষ্ঠান কফি উইথ করণের চতুর্থ মৌসুমের প্রচার শুরু হচ্ছে। আগের প্রতিটি মৌসুমে উদ্বোধনী পর্বে বন্ধু শাহরুখকে হাজির করেছেন করণ। কিন্তু নতুন মৌসুমের উদ্বোধনী পর্বে এবার শাহরুখের পরিবর্তে দেখা যাবে ‘দাবাং দারকা’ সালমান খানকে।
এ বছর কফি উইথ করণ অনুষ্ঠানের প্রথম পর্বে তারকা অতিথি হিসেবে হাজির থাকছেন সালমান খান ও তাঁর বাবা সেলিম খান। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
উদ্বোধনী পর্বে শাহরুখের পরিবর্তে সালমানকে আমন্ত্রণ জানানোয় এবারের মৌসুমে শাহরুখ খান কিংবা তাঁর স্ত্রী গৌরী খানকে আদৌ কফি উইথ করণ অনুষ্ঠানে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
কফি উইথ করণ অনুষ্ঠানের প্রথম মৌসুম শুরু হয়েছিল ২০০৪ সালের ১৯ নভেম্বর। প্রথম মৌসুমের সাফল্যের রেশ ধরে ২০০৭ সালে এর দ্বিতীয় মৌসুমের প্রচার শুরু হয়। তিন বছর বিরতির পর তৃতীয় মৌসুমের প্রচার শুরু হয়েছিল ২০১০ সালের নভেম্বরে। এ বছর ভারতের স্টার প্লাস টিভি চ্যানেলে কফি উইথ করণ অনুষ্ঠানের প্রচার শুরু হচ্ছে ১ ডিসেম্বর।