এবার শিক্ষক পরিচালিত নাটকে শিমু
অভিনয় জগতে অনেক দিন ধরে পদচারণ থাকলেও কখনোই শিক্ষকের নির্দেশনায় কোনো কাজ করেননি সুমাইয়া শিমু। এবার সেই অপ্রাপ্তি কিছুটা হলেও ঘুচে যাচ্ছে তঁার। নিজের শিক্ষাক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক ইউসুফ হাসান অর্কের নির্দেশনায় একটি নাটকে অভিনয় করছেন সুমাইয়া শিমু।ইউসুফ হাসান অর্ক পরিচালিত নাটকের নাম চ্যালেঞ্জ। আহসান হাবীবের রচনায় শিমুর বিপরীতে অভিনয় করেছেন মোশাররফ করিম। বিভিন্ন বিষয়ে দুজন তরুণ-তরুণীর পাল্টাপাল্টি চ্যালেঞ্জকে কেন্দ্র করে গড়ে উঠেছে নাটকটির বিষয়বস্তু।চ্যালেঞ্জ নাটক সম্পর্কে সুমাইয়া শিমু বলেন, `অনেক দিন ধরে অভিনয় করছি। কিন্তু স্যারের পরিচালনায় কখনো অভিনয় করিনি। এবার ভালো লাগছে স্যারের নির্দেশনায় কাজ করতে পেরে।'মজার এই নাটকে দেখা যাবে, মোশাররফ করিম ও সুমাইয়া শিমুর মধ্যে প্রেমের সম্পর্ক থাকলেও তারা দুজন একে অপরকে বিয়ের ব্যাপারে চ্যালেঞ্জ ছুড়ে দিতে। আজ রোববার সুমাইয়া শিমু সারা দিন ব্যস্ত থাকবেন এই নাটকটির শুটিংয়ে। সুমাইয়া শিমু বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব বিষয়ে পিএইচডি করছেন।