এবার শীর্ষেন্দুর ‘দূরবীন’ নিয়ে ধারাবাহিক
দেশ টিভির ‘যাও পাখি’, এনটিভির ‘মানবজমিন’ ধারাবাহিকের পর এবার প্রখ্যাত কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘দূরবীন’ উপন্যাস নিয়েও বাংলাদেশের টিভি চ্যানেলের জন্য নাটক নির্মিত হতে যাচ্ছে। ‘দূরবীন’ নিয়ে নির্মিত ধারাবাহিকটি হবে ১০৪ পর্বের। এরই মধ্যে উপন্যাসটির লেখক এবং ধারাবাহিকটির প্রযোজনা প্রতিষ্ঠান অফ ট্র্যাক ইভেন্টস অ্যান্ড অ্যাডভারটাইজিংয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষরও হয়েছে। উপন্যাসের নামের সঙ্গে মিল রেখে ধারবাহিকটির নামও রাখা হচ্ছে ‘দূরবীন’। বর্তমানে এটির চিত্রনাট্যের কাজ চলছে। নাটকটির পরিচালক শফিকুল ইসলাম বলেন, ‘জনপ্রিয় উপন্যাস নিয়ে নাটক নির্মাণ করার সময় বেশ সাবধানতা অবলম্বন করতে হয়। বলতে পারেন ঝুঁকি থাকে বেশি। কারণ উপন্যাসের বেশির ভাগ চরিত্রই সবার কাছে পরিচিত। তবে ঠিকঠাকভাবে নির্মাণ করতে পারলে প্রশংসাটাও থাকে বেশি। আমাদের চেষ্টা থাকবে উপন্যাসটির মতো নাটকটিও যেন দর্শকনন্দিত হয়।’নির্মাতা শফিকুল ইসলাম আরও জানান, ‘ইচ্ছে আছে খুব শিগগির “দূরবীন” ধারাবাহিকের শুটিং করার। এখন অভিনয়শিল্পী ও লোকেশন বাছাইয়ের কাজ চলছে। এ ছাড়াও উপন্যাসের মূল তিনটি চরিত্র কৃষ্ণকান্ত, ধ্রুব ও রেমি চরিত্রে অভিনয়ের জন্য পাঠক এবং সাধারণ টিভি দর্শকদের মতামতও গ্রহণ করা হবে। বেশি সংখ্যক দর্শক এবং পাঠক এই তিন চরিত্রে যাঁদের দেখতে চান, সেসব অভিনয়শিল্পীকে চূড়ান্ত করা হতে পারে।’ উল্লেখ্য শফিকুল ইসলাম এর আগে একাধিক খণ্ড নাটক নির্মাণ করেছেন। তাঁর রচনা ও পরিচালনায় নির্মিত নাটকগুলো হচ্ছে ‘অচেনা একজন’ (এনটিভি), ‘সং অব লাভ’, ‘আবর্তন’ (আরটিভি), ‘অমির শেষ চিঠি’ (চ্যানেল আই), ‘এ প্লাস বি হোল স্কয়ার’ (বৈশাখী টিভি)। এ ছাড়া ‘ধান্ধা’ নামের ছয় পর্বের একটি ধারাবাহিক নাটকও নির্মাণ করেছেন তিনি।