একুশে টিভিতে আজ রাতে প্রচারিত হবে নাটক টাট্টু ঘোড়া। নাটকটি লিখেছেন ম আ সালাম এবং পরিচালনা করছেন জুয়েল মাহমুদ। এতে অভিনয় করছেন মীর সাব্বির। কথা হলো তাঁর সঙ্গে।ঈদের তো আর মাত্র কয়েকটি দিন বাকি। ঈদের কাজের খবর কী?খবর ভালো। অনেকগুলো নাটকে কাজ করছি। তবে সংখ্যার দিকে তাকাইনি, এবার ভালো নাটকের দিকে তাকিয়েছি। পাঁচ পর্বের তিনটি ধারাবাহিকে অভিনয় করেছি—মাহফুজ আহমেদের বুনো চালতার গাঁও, মঈনুল হাসানের লাভ ইন বরিশাল আর আমার নাটক বিপিএল। এ ছাড়া সালাহউদ্দিন লাভলু, হানিফ সংকেত, এজাজ মুন্না, সুমন আনোয়ারসহ আরও অনেক পরিচালকের এক ঘণ্টার নাটক ও টেলিছবিতে কাজ করেছি। আগেও তো অনেক নাটকে কাজ করে রেখেছি। সেখান থেকেও কিছু যাবে। প্রতিটি নাটকের জন্য আপনি নিজে কত নম্বর দেবেন?কোনো নাটককেই ৭০-এর নিচে দিতে পারব না। বাকিটা দর্শকের হাতে। অভিনয়ের পাশাপাশি আপনি তো পরিচালনাও করেন। এবার কী করছেন?চারটি নাটক পরিচালনা করেছি। গত ঈদের আলাল দুলাল নাটকের সিক্যুয়াল বানিয়েছি। এখানে অভিনয় করেছি আমি আর জাহিদ হাসান। অন্য নাটকগুলো হলো: বডিগার্ড, কুদ্দুস থেরাপি ও বিপিএল।হুমায়ূন আহমেদের নাটকে নাকি কাজ করেছেন?ওটার কথা বলতে তো ভুলেই গিয়েছি। হ্যাঁ, নাটকটির নাম গুঁড়া মরিচ পার্টি। হুমায়ূন আহমেদ নিজেই লিখেছিলেন। পরিচালনা করেছেন জুয়েল রানা। আমার সঙ্গে অভিনয় করেছেন ফারুক আহমেদ ও স্বাধীন খসরু। কাজ করার সময় হাসতে হাসতে পেটে খিল ধরে গিয়েছিল। আজ আপনার অভিনীত ‘টাট্টু ঘোড়া’ নাটকটি প্রচারিত হবে।আমি মাস দুই-আড়াই ধরে শুধু ঈদের কাজগুলোই করছি। অন্য কোনো নাটকে তেমন সময়ই দিতে পারছি না। টাট্টু ঘোড়াতেও গত মাসে কোনো কাজ করতে পারিনি।ঈদের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছেন?বরগুনা আর ঢাকায় কোরবানি দেব। ঈদের দুই দিন পর চলে যাব কাতারে। ওখানে মাহফুজ আহমেদের একটি ধারাবাহিকের কাজ করব।