এবার সমন জারি রণবীরের নামে!
ভারতের জয়পুরে প্রকাশ্যে ধূমপান করায় সমন জারি হয়েছিল বলিউডের অভিনেতা শাহরুখ খানের নামে। কয়েক সপ্তাহ বাদে এবার সেই জয়পুরেই প্রকাশ্যে ধূমপান করে ফেঁসে গেলেন বলিউডের আরেক অভিনেতা রণবীর কাপুর। সম্প্রতি রণবীরের বিরুদ্ধে প্রকাশ্যে ধূমপানের অভিযোগ দায়েরের পরিপ্রেক্ষিতে সমন জারি করা হয়েছে। ২৬ জুন তাঁকে উদয়পুর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।দোষী প্রমাণিত হলে ছয় মাসের কারাদণ্ড কিংবা ২০০ রুপি জরিমানা গুনতে হতে পারে রণবীরকে।সম্প্রতি ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’ ছবির শুটিংয়ে উদয়পুর গিয়েছিলেন রণবীর ও দীপিকা। সেখানে প্রকাশ্যে ধূমপান করার সময় ক্যামেরাবন্দী হন রণবীর। ২৮ মে কয়েকটি স্থানীয় পত্রিকায় সেই ছবি প্রকাশিত হয়। ১ জুন শুক্রবার হরিষ বৈষ্ণব নামের এক ব্যক্তি উদয়পুর আদালতে রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগটিকে আমলে নিয়ে সম্প্রতি রণবীরের নামে সমন জারি করেছেন উদয়পুর আদালত।এ প্রসঙ্গে ঘণ্টা-ঘর থানার পুলিশ কর্মকর্তা হরেন্দ্র সিংয়ের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘২ জুন শনিবার বিকেলে রণবীরের নামে একটি সমন আমাদের হাতে এসেছে। রাজস্থান ধূমপান নিরোধ আইনের পঞ্চম ধারা লঙ্ঘনের অভিযোগে ২৬ জুন রণবীরকে উদয়পুর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে মুম্বাই গিয়ে রণবীরের হাতে এই সমন পৌঁছে দেব আমরা।’উল্লেখ্য, গত মাসে জয়পুরের সাওয়াই মান সিং স্টেডিয়ামে প্রকাশ্যে ধূমপান করায় সমন জারি করা হয়েছিল শাহরুখ খানের নামে। ২৬ মে শাহরুখকে দোষী সাব্যস্ত করেছেন আদালত। ২১ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।