এবার সারা দেশে সাংস্কৃতিক আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর
বক্তব্য দিচ্ছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর

‘কোথায় যাবে শিশুরা? তাদের জীবনে ফুল নেই, পাখি নেই, মানুষ নেই। সকালে ঘুম থেকে উঠে দেখি, ছোট্ট ছেলেমেয়েরা বিশাল বড় বোঝা নিয়ে স্কুলে যাচ্ছে। সে বোঝা বইতেও পারে না ওরা!’—এ আকুতি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের।
শুক্রবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে শুরু হওয়া দেশব্যপী জাতীয় সংগীত, দেশাত্মবোধক সংগীত শিক্ষণ ও পরিবেশন বিষয়ক কর্মশালার উদ্বোধনীতে ছিল বরেণ্য এ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বক্তব্য। দেশব্যপী অসাম্প্রদায়িক মৌলবাদী শক্তির উত্থান ও তরুণ প্রজন্মের বিপথে চলে যাওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করে সৃজনশীল মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে শুরু হওয়া এ কার্যক্রমকে শিল্পকলা একাডেমি বলছে ‘সাংস্কৃতিক আন্দোলন’।
অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘দেশব্যাপী তরুণদের সংস্কৃতিচর্চায় আগ্রহী করে তুলতে এই আয়োজনটি তরুণদের মনে জাগ্রত করবে মানবতাবোধের। “মানুষ মানুষের জন্য”—এই অনুভূতির জন্ম হলেই তারা আর বিভ্রান্ত হবে না।’
সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘আজকাল অভিভাবকেরা মনে করেন, পড়ার বইয়ের পাশাপাশি গল্পের বই পড়লে বুঝি অযথা সময় নষ্ট হয়। অথচ তারা জানেন না, গল্পের বই পাঠ তাদের মূল পাঠ্যসূচির সহায়ক হতে পারে। তাঁরা ভাবেন, ছেলেমেয়ে জিপিএ-৫ না পেলে তাদের জীবন ওষ্ঠাগত হবে। মনে করেন, জীবনটাই বৃথা।’ সাংস্কৃতিক আন্দোলনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনার করতে গিয়ে তিনি বলেন, ‘এ কার্যক্রমের মাধ্যমে শিশুদের সংবেদনশীল হিসেবে গড়ে তুলতে চাই আমরা।’
ঢাকার ১০০টিসহ দেশব্যাপী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ১৬০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে শুদ্ধভাবে জাতীয় সংগীত এবং দেশাত্মবোধক মুক্তিযুদ্ধভিত্তিক গান, রবীন্দ্র-নজরুল-ডি. এল রায়ের সংগীত শিক্ষণ ও পরিবেশন এই কর্মশালায় অন্তর্ভূক্ত করা হয়েছে।
প্রথম পর্যায়ে ঢাকা মহানগরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণে শুক্রবার সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে হয়ে গেল কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান।

একজন শিক্ষার্থী বলছেন, শুনছেন অতিথি ও দর্শকেরা
একজন শিক্ষার্থী বলছেন, শুনছেন অতিথি ও দর্শকেরা

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ বলেন, ‘নবীন শিক্ষার্থীদের আমাদের বলতে হবে বাঙালির আত্মপরিচয়ের কথা। দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও স্বাধীনতার চেতনায় এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের তরুণ প্রজন্মকে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক সোহরাব উদ্দীন।