এবার সালমানের কণ্ঠে 'তু হি তু'

পুরোদস্তুর শিল্পী-সত্তা নিয়েই বুঝি জন্মেছেন বলিউডের অভিনেতা সালমান খান। অসাধারণ অভিনয় নৈপুণ্য উপহার দিয়ে তিনি জয় করেছেন অগণিত দর্শকের হূদয়। পারদর্শিতার পরিচয় দিয়েছেন ছবি আঁঁকার ক্ষেত্রে, এমনকি ‘জয় হো’ ছবির পোস্টারও এঁকেছিলেন তিনি। সাম্প্রতিক সময়ে ‘কিক’ ছবির ‘হ্যাংওভার’ গানে সালমানের কণ্ঠ শুনে মুগ্ধ হয়েছেন অনেকেই। সে মুগ্ধতার রেশ না কাটতেই এবার একই ছবির ‘তু হি তু’ গানে সালমানের কণ্ঠ শোনার সুযোগ পেলেন সালমান ভক্তরা।

গতকাল ভারতের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ‘তু হি তু’ গানটির লিংক সালমান পোস্ট করেছেন টুইটারে।
এর আগে ‘কিক’ ছবির ‘জুম্মে কি রাত’ ও ‘হ্যাংওভার’ গান দুটি প্রকাশিত হয়। ‘হ্যাংওভার’ গানে সালমানের চমত্কার কণ্ঠ প্রশংসিত হয় বিভিন্ন মহলে। প্রথমে অডিও এবং পরে গানটির মিউজিক ভিডিও প্রকাশিত হয়। সালমান ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘হ্যাংওভার’ গানটি দারুণ সাড়া ফেলে ইউটিউবে। এবার ‘কিক’ ছবির ‘তু হি তু’ গানের অডিও লিংক সালমান পোস্ট করলেন টুইটারে। এক খবরে এ তথ্য জানিয়েছে জিনিউজ।
টুইটারে ‘জুম্মে কি রাত’, ‘হ্যাংওভার’ এবং ‘তু হি তু’ গানের লিংক পোস্ট করার পাশাপাশি সালমান তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘একের চেয়ে দুই ভালো। আর দুইয়ের চেয়ে ভালো তিন।’
‘কিক’ ছবির ‘তু হি তু’ গানের কথা লিখেছেন ময়ূর পুরী। আর সংগীত পরিচালনা করেছেন হিমেশ রেশমিয়া। এবারের ঈদ মৌসুম উপলক্ষে সাজিদ নাদিয়াদওয়ালা পরিচালিত ও প্রযোজিত ‘কিক’ ছবি মুক্তি পাচ্ছে ২৫ জুলাই। পুরোপুরি অ্যাকশন ঘরানার ছবিটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী ও সাবেক মিস শ্রীলঙ্কা জ্যাকুলিন ফার্নান্দেজ। আরও অভিনয় করেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকী, অর্চনা পূরণ সিং, মিঠুন চক্রবর্তী, সৌরভ শুক্লা, নার্গিস ফাখরি প্রমুখ।