এবার সালমানের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালমান খান
সালমান খান

গত কিছুদিন ধরেই একের পর এক নেতিবাচক খবরের শিরোনামে আসছেন ‘ব্যাড বয়’ তকমা পাওয়া বলিউডের অভিনেতা সালমান খান। গাড়িচাপা দিয়ে মানুষ হত্যার মামলা ঝুলছে তাঁর ওপর। আর এবার সালমান ও তাঁর ব্যবস্থাপক রেশমা শেঠির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করলেন দিল্লির চলচ্চিত্র প্রযোজক হারদেব সিং শেঠি।হারদেব দাবি করেছেন, ১৬ সেপ্টেম্বর ভোরে দিল্লির ক্যারোল বাগ এলাকা থেকে টয়োটা করোলা গাড়িতে চেপে নিজের দোকানের দিকে যাচ্ছিলেন তিনি। দেশবন্ধু গুপ্ত রোড অতিক্রম করার সময় মোটরসাইকেল থেকে অজ্ঞাতপরিচয় কয়েকজন লোক তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তাঁর গাড়ির জানালা ও পেছনের দরজায় গিয়ে লাগে। ঘটনা ঘটিয়েই হামলাকারীরা পালিয়ে যায়। হারদেবের সন্দেহ, এই ঘটনার পেছনে কলকাঠি নেড়েছেন সালমান ও রেশমা। এজন্য তাঁদের বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা দায়ের করেছেন তিনি।
ডিসিপি অলোক কুমার জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ৩০৭ ধারায় সালমান ও রেশমার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা নথিভুক্ত করা হয়েছে। হারদেবের কাছ থেকে এই ঘটনার দুটি গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। নাইন এমএম পিস্তলের গুলিসহ প্রয়োজনীয় আলামতও পুলিশের হাতে এসেছে। এখন সেগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশের কয়েকটি দল একযোগে কাজ করে যাচ্ছে।

এ প্রসঙ্গে ‘টাইমস অব ইন্ডিয়া’কে হারদেব জানান, ‘২১ সেপ্টেম্বর শনিবার বোম্বে উচ্চ আদালতে সালমান ও রেশমার বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি অনুষ্ঠিত হবে। রেশমা শেঠি ও সালমান খান আমাকে গুলি করে মারতে চেয়েছিলেন। কিন্তু সৌভাগ্যক্রমে বেঁচে গেছি আমি। আমাকে হত্যার চেষ্টা করে তাঁরা কোনোভাবেই পার পাবেন না। তাঁদের আমি ছেড়ে দেব না। আদালতের মাধ্যমে তাঁদের কঠোর সাজা প্রদানের ব্যবস্থা করব।’

সালমানের ব্যবস্থাপক রেশমা শেঠি
সালমানের ব্যবস্থাপক রেশমা শেঠি

ঘটনার বর্ণনা দিতে গিয়ে হারদেব বলেন, ‘আমি গাড়ি চালিয়ে বাসা থেকে আমার দোকানের দিকে যাচ্ছিলাম। জাকিরা ফ্লাইওভারের কাছে পৌঁছালে দুটি মোটরসাইকেল আমার গাড়িকে অনুসরণ করতে থাকে। জীবন মালা হাসপাতালের কাছে পৌঁছানোমাত্র মোটরসাইকেল দুটি আমার গাড়িকে ওভারটেক করে। সেসময় মোটরসাইকেল আরোহীরা আমাকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। আমি মাথা নিচু করায় আমার গায়ে না লেগে গাড়ির জানালায় গুলি লাগে। পরে গাড়ির পেছনের দরজায়ও গুলির চিহ্ন দেখতে পাই আমি।’
হারদেব আরও বলেন, ‘এর আগে ৯ সেপ্টেম্বর দুজন লোক মুম্বাইয়ের লিংকিং রোড এলাকায় আমার সঙ্গে দেখা করেছিলেন। ২১ সেপ্টেম্বর মামলার শুনানিতে হাজির হলে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন তাঁরা। পরে আরও কয়েকবার ফোনে আমাকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে।’
এদিকে হারদেব পুলিশি অভিযোগ দায়ের করায় বিস্ময় প্রকাশ করেছেন রেশমা। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘বিতর্ক সৃষ্টির হীন উদ্দেশ্য নিয়েই বানোয়াট এ অভিযোগ তোলা হয়েছে। আমি আশা করব, দিল্লি পুলিশ যথাযথ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করবে এবং মিথ্যাকে সবার সামনে তুলে ধরবে।’
রেশমা আরও বলেন, ‘হারদেব সিং নামে কাউকে আমি চিনি না। তবে তাঁর স্ত্রী ও মেয়ে আমার বিরুদ্ধে মিথ্যা কিছু অভিযোগ তুলেছিলেন। তাঁরা আমাকে হুমকিও দিয়েছিলেন। গত ২৯ আগস্ট আমি তাঁদের বিরুদ্ধে পুলিশি অভিযোগ দায়ের করেছি।’
প্রসঙ্গত, গত মাসে সালমানের দেহরক্ষীর বিরুদ্ধে অমৃতা নামের এক তরুণীকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার পর বান্দ্রায় সালমানের বাড়ির সামনে হট্টগোলও করেছিলেন অমৃতা ও তাঁর মা যশমিত সিং। চলচ্চিত্র প্রযোজক হারদেব সিং শেঠি আর কেউ নন, অমৃতার বাবা ও যশমিতের স্বামী। টন প্রোডাকশনস নামে তাঁদের একটি প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠানটির ব্যানারে নির্মিতব্য ছবির মাধ্যমে অমৃতার বলিউড অভিষেক হওয়ার কথা। ছবিটির একটি গানে সালমানকে নিতে চেয়েছিলেন তাঁরা। অমৃতা দাবি করেছেন, সালমানের সঙ্গে কেবলমাত্র সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার জন্য ১০ লাখ রুপি চেয়েছিলেন রেশমা শেঠি।