এবার সিনেমা হলে রানওয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ারের পর গত দুই মাস ধরে দেশের বিভিন্ন জেলা শহরে দর্শনীর বিনিময়ে প্রদর্শনী করা হয়েছে তারেক মাসুদ নির্মিত রানওয়ে চলচ্চিত্রটি। এবার তিনি ছবিটি সিনেমা হলে মুক্তি দিতে যাচ্ছেন। কাল শুক্রবার সিরাজগঞ্জের এনায়েতপুর বেতলের স্বপ্নপুরী সিনেমা হলে তারেক মাসুদ পরিচালিত রানওয়ে ছবিটি বাণিজ্যিকভাবে মুক্তি পেতে যাচ্ছে।রাজধানী অথবা জেলা শহরে মুক্তির পরিবর্তে প্রত্যন্ত অঞ্চলে ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্তের ব্যাপারে পরিচালক তারেক মাসুদ বলেন, ‘আমাদের দেশের সাধারণ মানুষের বিনোদনের একমাত্র নিমিত্ত হচ্ছে সিনেমা। অথচ নিম্নমানের প্রজেকশন ও সাউন্ড সিস্টেমের কারণে এবং ভালো ছবির অভাবে হলগুলো বন্ধ হতে চলেছে। অত্যাধুনিক ডিজিটাল পদ্ধতি সরবরাহের মাধ্যমে আমরা হলগুলোতে দর্শক ফিরিয়ে আনতে চেষ্টা করছি।’তারেক মাসুদ আরও বলেন, ‘এরই মধ্যে ছবিটির মুক্তি নিয়ে সেখানকার মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আমরা গরুর গাড়ি ব্যবহার করে প্রচারণার কাজ চালাচ্ছি। আশা করছি স্বপ্নপুরীতে রানওয়ের যাত্রা সফলভাবে সম্পন্ন হলে এখানকার আরও ১৫টি সিনেমা হলের সবগুলোতে পর্যায়ক্রমে ছবিটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’জানা গেছে, সিরাজগঞ্জে রানওয়ে ছবিটি মুক্তির পর ১৫ ও ১৬ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয় অডিটরিয়ামে এর প্রদর্শনী হবে।রাজধানীতে ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে তারেক মাসুদ বলেন, ‘এরই মধ্যে কয়েকটি সিনেমা হলের মালিকের সঙ্গে আমাদের কথা হয়েছে। এখন তো বিশ্বকাপ মৌসুম। আশা করছি, এপ্রিল মাসে ঢাকার সিনেমা হলগুলোতেও দর্শকেরা ছবিটি দেখতে পাবেন।’