এবার সুতির জয়যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে গতকাল ল্যাকমে ফ্যাশন উইকে তৃণমূল তাঁতিদের তৈরি শাড়ি পরে র‍্যাম্পে এক মডেল
মুম্বাইয়ে গতকাল ল্যাকমে ফ্যাশন উইকে তৃণমূল তাঁতিদের তৈরি শাড়ি পরে র‍্যাম্পে এক মডেল

উৎসবের মৌসুম সামনে। ঈদুল আজহা, দুর্গাপূজা, বড়দিন। পাশাপাশি শীত একটু একটু করে বাড়তে থাকবে এই উপমহাদেশে। আর শুরু হবে বিয়ের মৌসুমও। এসব কথা মাথায় রেখেই যেন উৎসবের নতুন নতুন ফ্যাশন ধারা জন্ম নিচ্ছে ল্যাকমে ফ্যাশন উইকে।

উৎসবে জাঁকালো, চকচকে রংচঙা পোশাক নয়; বরং ‘উৎসবে গায়ে জড়ান তাঁতবস্ত্র’ এমন বার্তাই ঘুরেফিরে শোনা যাচ্ছে ফ্যাশন উইকের প্রতিটি আয়োজনে। পোশাকের কাপড় হিসেবে ডিজাইনাররা শিফন, জর্জেট, সিল্কের বদলে বেছে নিচ্ছেন তাঁতে বোনা সুতি, খাদি আর কাতান। নকশায় এবার বাটিক, টাই-ডাই আর কাঁথাফোঁড়ের দাপট।

গতকাল বৃহস্পতিবার ছিল মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইক উইন্টার/ফেস্টিভ ২০১৭-এর দ্বিতীয় দিন। বুধবার রাতে ডিজাইনার সঞ্জয় গার্গের অতীত রোমন্থনের মধ্য দিয়ে শেষ হয় প্রথম দিনের আয়োজন। এই ডিজাইনারও তাঁর পরিবেশনায় প্রাধান্য দিয়েছেন সুতি, খাদি, উল আর কাতানকে। মুম্বাইয়ের চার্নি রোড মোড়ে ১০২ বছরের পুরোনো রয়্যাল অপেরা হাউসে হয় সঞ্জয়ের ফ্যাশন শো। এটি এখন ভারতের একমাত্র সচল অপেরা হাউস। রাত ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে এ ফ্যাশন উৎসবের আয়োজক ল্যাকমের জন্ম সময়ের এক মজার তথ্য জানা যায়। একটি তথ্যচিত্রে জানা যায়, লক্ষ্মী নামের এক ভারতীয় মেয়ের নাম থেকে অনুপ্রাণিত হয়ে পশ্চিমা এই ব্র্যান্ডের নাম রাখা হয় ল্যাকমে।

উৎসবে গতকাল ছিল ‘টেকসই ফ্যাশন’ ভাবনার দিন। ফ্যাশন শোর মঞ্চে ছিল সুতি, উল আর খাদির আধিপত্য। ক্ষীণ কটির মডেলরা খাদির শ্রাগ, সুতি শাড়ি, উলের কোট, কটি আর চাদর গায়ে জড়িয়ে উত্তাপ ছড়িয়েছেন র‍্যাম্পে। টেকসই ফ্যাশন ভাবনার বিষয়বস্তু মাথায় রেখে প্রত্যেক ডিজাইনারই পোশাকে সারল্য, সহজ আর প্রাকৃতিক উপাদানকে প্রাধান্য দিয়েছেন। অনুপ্রেরণা নিয়েছেন প্রকৃতি থেকে। শুরুতেই ছিল তৃণমূল পর্যায়ের কয়েকজন তাঁতিকে নিয়ে তরুণ ডিজাইনারদের পরিবেশনা ক্রাফট ইজ কুল। ভারতের বিভিন্ন অঞ্চলে প্রচলিত ঐতিহ্যবাহী সেলাইয়ের ফোঁড় উঠে এসেছে তরুণ ডিজাইনারদের নকশায়। ছিল ব্লক আর বাটিকের প্রাধান্য।

শো শেষে সংবাদ সম্মেলনে তাঁতিরা জানান, এত দিন এ রকম বড় আয়োজনে তাঁদের কাজই শুধু স্থান পাচ্ছিল। এবার তাঁরা এই আয়োজনে যুক্ত হয়ে যারপরনাই আনন্দিত। প্রদর্শনীতে দেখা গেল বিহারের খাদির প্রদর্শনী। ফ্যাশন শো নয়, তবে মডেলরা খাদির পোশাক পরে দাঁড়িয়েছিলেন ম্যানিকিনের মতো। এ আয়োজন করা হয় মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের শতবর্ষ পূর্তি উপলক্ষে। প্রদর্শনীতে দেখানো হয় তুলা থেকে সুতা কাটার চরকাও।

কথা হয় খাদি পোশাকের ডিজাইনার প্রবীণ চৌহানের সঙ্গে। বাংলাদেশের কথা জেনেই তিনি সবার আগে বললেন, ‘বিবি রাসেল আমার কাছে অনুপ্রেরণার নাম।’ জানালেন খাদি নিয়ে কাজ করার পেছনে বাংলাদেশের এই ডিজাইনারের কাজ অনেক সাহস জুগিয়েছে তাঁকে।

গতকালের তৃতীয় আয়োজনটি ছিল তৈরি পোশাকশিল্পে নষ্ট হয়ে যাওয়া কাপড় দিয়ে তৈরি নতুন পোশাকের প্রদর্শনী। যাকে বলে পোস্ট কনজিউমার ওয়েস্ট ফ্যাশন। ‘রিস্টার্ট ফ্যাশন’ নামের এ আয়োজন ছিল তারকাখচিত। ফ্যাশন মঞ্চে হাঁটেন ভারতের তারকা হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানি। অধুনা তুলে ধরেন ফ্যাশন ব্র্যান্ড চোলার অভিনব ছাঁটের সাদাকালো শ্রাগ, শার্ট আর ট্রাউজার। দর্শক সারিতে চোলার পোশাক পরে বসেছিলেন অভিনেত্রী নেহা ধুপিয়া, সোনালি ও বর্ষীয়ান অভিনেতা কবির বেদি।

আরেকটি আয়োজন ছিল তামিলনাড়ুর সুতি শাড়ির প্রদর্শনী। এথিকাস নামের এই প্রতিষ্ঠানের তৈরি শাড়ি প্রদর্শিত হয় এ আয়োজনে। দিনের শেষ ভাগে গৌরব জয়গুপ্ত আনাভিলার পোশাকের প্রদর্শনী হয়।

আজ শুক্রবার উৎসবের তৃতীয় দিন শুরু হতে পারে ফ্যাশন মঞ্চে অভিনেত্রী রাধিকা আপ্তের হাঁটার মধ্য দিয়ে।