এবার সুপারহিরো চরিত্রে রণবীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রণবীর কাপুর
রণবীর কাপুর

বলিউডে সুপারহিরো চরিত্রে অসামান্য অভিনয় করেছেন হৃতিক রোশন। তাঁর ছবি ‘কৃশ ৩’ মুক্তি পাচ্ছে ১ নভেম্বর। হৃতিকের পর এবার সুপারহিরো চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীর কাপুরকেও। অয়ন মুখার্জির পরবর্তী একটি ছবিতে এমন সুপারহিরো চরিত্রে অভিনয় করবেন বলেই সম্প্রতি নিশ্চিত করেছেন রণবীর। তবে ‘কৃশ ৩’-এর সঙ্গে ছবিটির কোনো রকম মিল থাকবে না বলেও জানিয়েছেন এ তারকা অভিনেতা।
এ প্রসঙ্গে রণবীরের ভাষ্য, ‘এরই মধ্যে ফ্যান্টাসিধর্মী ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছে অয়ন। ছবিটি মুক্তির পর আরও দুটি সিক্যুয়েল নির্মাণেরও সিদ্ধান্ত নিয়েছি আমরা। তিন কিস্তির এ ছবিটির সঙ্গে “কৃশ ৩” ছবির কোনো রকম মিল খুঁজে পাবেন না দর্শকেরা।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
রণবীর আরও বলেন, ‘অয়ন আমার খুব ভালো একজন বন্ধু। ব্যক্তিগত সম্পর্কের পাশাপাশি পেশাগত কাজের ক্ষেত্রেও আমাদের ভেতর বোঝাপড়াটা দারুণ। এই মুহূর্তে ছবিটির কাজ একদমই প্রাথমিক পর্যায়ে রয়েছে। আমরা এমন একটি সুপারহিরোনির্ভর ছবি তৈরি করতে চাই, যা বলিউডের চলচ্চিত্রশিল্পে নতুন মাত্রা যোগ করবে।’
আগামী বছর মুক্তি পাচ্ছে রণবীর অভিনীত ‘বোম্বে ভেলভেট’ ছবিটি। অনুরাগ কশ্যপ পরিচালিত ছবিটিতে মুষ্টিযোদ্ধা চরিত্রে দেখা যাবে রণবীরকে। ছবিটির কাহিনি আবর্তিত হয়েছে পঞ্চাশ থেকে সত্তর দশকের প্রেক্ষাপটে। তখনো মেট্রোপলিটান শহর হিসেবে স্বীকৃতি পায়নি মুম্বাই।

‘বোম্বে ভেলভেট’ ছবি সম্পর্কে রণবীরের মন্তব্য, ‘ছবিটির চমত্কার চিত্রনাট্য হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। ছবিটির মাধ্যমে সম্পূর্ণ নতুন আঙ্গিকে গল্প বলার চেষ্টা করেছেন অনুরাগ। তাঁর নির্মাণশৈলীও আমাকে মুগ্ধ করেছে। সবকিছু নিখুঁতভাবে করার চেষ্টা করেন এ নির্মাতা।’