১০ বছর ধরে নাট্যাঙ্গনের একজন তরুণ প্রতিশ্রুতিশীল নাট্যকর্মীকে পুরস্কার দিয়ে আসছে নাট্যধারা। এবার ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক’ পেলেন সামিনা লুৎফা নিত্রা। বর্তমানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন তিনি। গত বৃহস্পতিবার রাতে তিনি যুক্তরাজ্যে ফিরে যাওয়ার আগে তাঁর সাক্ষাৎকারটি নেন মেহেদী মাসুদ এবার তো আপনি নাট্যধারার ‘সৃজনশীল নাট্যতরুণ তনুশ্রী পদক’ পেলেন। কেমন লাগছে?খুব খুশি হয়েছি। এ ধরনের পুরস্কার তো কাজের স্বীকৃতি। এখন মনে হচ্ছে, নিশ্চয়ই ভালো কিছু করেছি। আগে নিজেকে আর দশজনের মতো ভাবতাম। সব সময় মনে হতো, আমরা যে এত কিছু করছি, মঞ্চের জন্য নাটক করছি, কত পরিশ্রম হচ্ছে, খাটছি—এসব কেউ দেখে না। এবার সেই ভুলটা ভেঙেছে। থিয়েটারের সঙ্গে আপনি যুক্ত হলেন কীভাবে?সেটা ১৯৯৬ সালের অক্টোবর মাসের কথা। সুবচনের একটি কর্মশালা হচ্ছিল। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী। ১৫ দিনের কর্মশালায় অংশ নিই। সেখান থেকেই সুবচনের সঙ্গে যুক্ত হয়ে পড়ি।থিয়েটারে কাজ করার ব্যাপারে বাড়ি থেকে কতটা সহযোগিতা পেয়েছেন?আমার মা-বাবা দুজনই ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। বুঝতেই পারছেন, পড়াশোনার ব্যাপারে তাঁদের আগ্রহ কতটা থাকতে পারে। তাঁরা আমাকে শর্ত জুড়ে দিলেন, ‘থিয়েটার করো আপত্তি নেই, কিন্তু পড়াশোনায় কখনো দ্বিতীয় হওয়া যাবে না।’ আমিও তাঁদের সেই প্রতিশ্রুতি দিয়েছিলাম। আর তা রক্ষা করেছি। সারা দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস আর পড়াশোনা, সন্ধ্যায় হতো নাটকের মহড়া। খুব ব্যস্ত ছিলাম পুরোটা সময়।মঞ্চে কোন নাটকে প্রথম অভিনয় করেছিলেন?সুবচনের রাষ্ট্র বনাম। নাটকটি লিখেছিলেন ও নির্দেশনা দিয়েছিলেন মামুনুর রশীদ। এ নাটকে আমি অন্যের অনুপস্থিতিতে মঞ্চে অভিনয়ের সুযোগ পেতাম। দুটো চরিত্রে অভিনয় করতাম—‘বউদি’ আর ‘সমিরন বেওয়া’। এরপর সুবচনে অবশ্য অনেক নাটকে সরাসরি অভিনয় করেছি—তীর্থঙ্কর, টুয়েলভ্থ নাইট, খান্দানি কিস্সা, ক্ষুধিত পাষাণ, রূপবতী ও খনা।আপনি তো নাটক লেখার সঙ্গেও জড়িত। এই নাটক লেখার কাজটা কবে থেকে করছেন?নাটক লেখার ব্যাপারে আমার কিন্তু কোনো ধারণাই ছিল না। আশপাশের সবার অনুরোধেই কাজটা শুরু হয়েছিল। ‘সোহরাব-রুস্তম’ অবলম্বনে প্রথম লিখলাম তীর্থঙ্কর। সুবচনের এ নাটকের অর্ধশত প্রদর্শনী হয়েছিল। এটা ওই সময়ের মধ্যম সারির একটি নাটকের দলের জন্য অনেক বড় ব্যাপার ছিল। একটি অনুবাদও করেছিলাম, টুয়েলভ্থ নাইট। এরপর লিখেছিলাম খনা। আরও একটি নাটক লিখেছি, আলফ্রেড ও কয়েকজন নির্লিপ্ত মানুষ। ওটা অবশ্য কোথাও প্রদর্শিত হয়নি। এখন বটতলা থেকে একটি হাসির নাটক লেখার জন্য অনুরোধ করেছে। আমিও ভেবেছি, কিন্তু হাসির নাটক লেখা তো সহজ ব্যাপার নয়। হাতে একটা আছে, আফ্রাবেনের দ্য রোবার। অক্সফোর্ডে থাকার সময় নাটকটির রূপান্তর করব।নাটকের দল বটতলার শুরুটা কবে থেকে?২০০৮ সালে। সুবচনের কয়েকজন সদস্য মিলে নাটকের এ দলটি গড়েছি। এ দল থেকে আমরা মঞ্চে এনেছি একজন রুহুল আমিন। এরপর ধামাইল ও খনা।আপনি কোন বিষয়ের ওপর পিএইচডি করছেন?বিশ্ববিদ্যালয়ে আমি তো সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক। পিএইচডিও এর সঙ্গে সংশ্লিষ্ট একটি বিষয় নিয়েই করছি। এর শিরোনাম হলো ‘সম্পদ লুণ্ঠন প্রতিরোধ: স্থানীয়, জাতীয়, আন্তর্জাতিক পর্যায়ে ফুলবাড়ী কয়লাখনি আন্দোলন’। পিএইচডি করার জন্য আমি কমনওয়েলথ বৃত্তি পেয়েছি। এর আগেও বেশ কিছুদিন ওখানে ছিলাম। মাঝে ছয়-সাত মাস মাঠপর্যায়ে কাজ করার জন্য দেশে এসেছি।আপনি বটতলার অন্যতম সদস্য। এখন মঞ্চে বটতলার খনা নাটকটির নিয়মিত প্রদর্শনী হচ্ছে। আর নামভূমিকায় আপনিই অভিনয় করছেন। আপনার অনুপস্থিতিতে নাটকটির প্রদর্শনী স্থগিত থাকবে?তা কেন হবে? বটতলার খনা কিন্তু বর্তমান সময় মঞ্চের অন্যতম আলোচিত একটি নাটক। আমি মনে করি, এর প্রদর্শনী অব্যাহত রাখা উচিত। এরই মধ্যে ‘খনা’ চরিত্রের জন্য তাহমিনা সুলতানাকে প্রস্তুত করা হয়েছে। তিনি এখন এ নাটকে রানি সুমিত্রার চরিত্রটি করছেন, পাশাপাশি পোশাক পরিকল্পনার দায়িত্বও তাঁর। আশা করছি, খনা চরিত্রে তিনি ভালোই করবেন। আমি যখন ফিরে আসব, তখন পর্যন্ত যদি নাটকটির প্রদর্শনী অব্যাহত থাকে, তাহলে আবার খনা চরিত্রে অভিনয় করব।থিয়েটার নিয়ে আপনার পরিকল্পনা কী?আমি কিন্তু একেবারেই তরুণ একজন নাট্যকর্মী, এর বেশি কিছু নই। দলের জন্য কাজ করব। আর যত দিন বাঁচব, তত দিন থিয়েটারের সঙ্গেই থাকতে চাই।