এবার স্ট্রবেরি চাষ করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘নদীতে অন্ধকার’। মকবুলা মঞ্জুরের উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি ও পরিচালনা করেছেন নাহিদ আহমেদ। এতে অভিনয় করছেন জিতু আহসান। কথা হলো তাঁর সঙ্গে।‘নদীতে অন্ধকার’ নাটকের কাজ কবে করেছিলেন?গত বছর। ওই সময় খুব গরম ছিল। নাটকের গল্পটি গ্রামীণ প্রেক্ষাপটে। তাই পুরো কাজটাই হয়েছিল মানিকগঞ্জের এক গ্রামে। দৃশ্যে আমাকে একটা বাঁশের সাঁকো পার হতে হবে। কিন্তু বাঁশগুলো রোদের তাপে এতটাই গরম হয়েছিল যে ধরতেই পারছিলাম না।আপনি ইদানীং গ্রামীণ গল্পের নাটকে বেশি কাজ করছেন।আমি তো সাধারণত শহুরে নাটকেই বেশি কাজ করি। তবে আমার এখন একসঙ্গে গ্রামীণ গল্পের দুটো ধারাবাহিক প্রচারিত হচ্ছে। দুটোই দেশ টিভিতে—সীমান্ত আর নদীতে অন্ধকার। আসলে আমার কিন্তু গ্রামের অভিজ্ঞতা তেমন নেই। বাবা, দাদা সবাই ঢাকায়ই ছিলেন। তাই গ্রামের গল্পের কোনো নাটকে যখন কাজ করি, তখন খুব কাছ থেকে গ্রামের মানুষদের দেখার চেষ্টা করি। তাদের কথা বলার ধরন, চলাফেরা, আড্ডা দেওয়া, জমিতে চাষ করা, গাছে ওঠা, পুকুরে নামা, মাছ ধরা—সবই দেখে দেখে শিখছি। সেটাই অভিনয়ের সময় প্রয়োগ করি।‘সীমান্ত’ নাটকে সামনে কী ঘটতে যাচ্ছে?সম্পত্তি রক্ষার জন্য এরই মধ্যে বড় ভাইয়ের বিধবা স্ত্রীর (সুবর্ণা মুস্তাফা) সঙ্গে আমার বিয়ে হয়েছে। কিন্তু সম্পত্তি আত্মসাত্ করার জন্য আমার অন্য ভাইয়েরা এখনো তাদের চেষ্টা অব্যাহত রেখেছে। ওদিকে আমার সঙ্গে ভাবির বোনের (বন্যা মির্জা) একটা সম্পর্ক ছিল। তা নিয়েও একটা টানাপোড়েন চলছে।অভিনয়ের বাইরে আর কী করছেন?এবার স্ট্রবেরি চাষ করেছি। এ ব্যাপারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মঞ্জুর হোসেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। আশুলিয়াতে আমার আট বিঘা জায়গা আছে। তারই অর্ধেকটাতে এই স্ট্রবেরি চাষ করি। এ কাজে আমাকে অনেকটা সময় দিতে হয়েছে। কারণ স্ট্রবেরি গাছগুলো খুবই নাজুক। আর প্রাকৃতিক বিভিন্ন প্রতিকূলতা তো রয়েছেই। তাই কাছে থেকে দেখাশোনা করতে হয়েছে। এ বছর খুব বেশি ইতিবাচক ফল পাইনি। তবে এবারের অভিজ্ঞতাকে আগামী বছর কাজে লাগাব।বিনোদন প্রতিবেদক