এবার হলিউডের ছবিতে প্রিয়াংকা
‘ইন মাই সিটি’ গানের মাধ্যমে আন্তর্জাতিক সংগীতশিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেছেন বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া। এবারে তিনি কাজ করতে যাচ্ছেন হলিউডের ছবিতে। ওয়াল্ট ডিজনি পিকচার্সের পরবর্তী ‘প্লেনস’ ছবিতে কণ্ঠ দিচ্ছেন তিনি। এরমধ্যেই ডিজনির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন প্রিয়াংকা। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিতব্য অ্যানিমেটেড ছবিটির ঈশানী চরিত্রে কণ্ঠ দেবেন তিনি। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্রের বরাতে আইএমডিবি নিউজ জানিয়েছে, ‘প্লেনস’ ছবির এশিয়ান একটি চরিত্রের নাম ঈশানী। চরিত্রটির সঙ্গে মানানসই ভারতীয় নারী কণ্ঠ খুঁজছিলেন নির্মাতারা। সম্প্রতি তাঁরা প্রিয়াংকাকে চূড়ান্ত করেছেন। শিগগিরই ডাবিংয়ের কাজ শুরু করবেন প্রিয়াংকা।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘প্রথমে ইংরেজি ভাষায় ডাবিংয়ে অংশ নেবেন প্রিয়াংকা। পরে সিদ্ধান্ত হবে, ছবিটির হিন্দি সংস্করণের জন্য তিনি কণ্ঠ দেবেন কি না।’কমেডি ও অ্যাডভেঞ্চারধর্মী ‘প্লেনস’ ছবিটিতে আরও কণ্ঠ দিচ্ছেন মার্কিন অভিনেতা ও কৌতুকশিল্পী ডেন কুক, অভিনেতা স্টেসি কিচ প্রমুখ। ছবিটি ভারতে মুক্তি পাবে আগামী ২৬ জুলাই।