এবার হানিফ সংকেতের নাটকে চঞ্চল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের একাধিক জনপ্রিয় নির্মাতার সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর আছে। হালের এই তারকা চঞ্চল চৌধুরী এবার আরেক জনপ্রিয় নির্মাতা হানিফ সংকেতের নাটকে প্রথম অভিনয় করলেন। এ নাটকের মাধ্যমে একই সঙ্গে প্রথমবারের মতো জনপ্রিয় চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলুর ক্যামেরার সামনে দাঁড়ালেন তিনি। ‘হানিফ সংকেতের পরিচালনায় কাজের অভিজ্ঞতা চমত্কার’, জানালেন চঞ্চল। আজ রোববার প্রথম আলোকে তিনি বলেন, ‘তাঁর সঙ্গে আমার এটাই প্রথম কাজ। তিনি খুবই মজার মানুষ। অনেক মজা করে কাজটি করতে পেরেছি এবং যেভাবে চেয়েছেন, ঠিক সেভাবেই কাজটি করার চেষ্টা করেছি।’ চঞ্চল আরও বলেন, ‘পাঁচ বছর আগে হানিফ সংকেতের সঙ্গে প্রথম কাজের আগ্রহ জন্মায়। সে সময় ভুপেন হাজারিকার একটি গান নিজের কণ্ঠে গেয়ে ইত্যাদিতে প্রচার করার আগ্রহ হয়েছিল। কিন্তু গানটি পরে আর প্রচার হয়নি। ইত্যাদির সুবাদে গত এক-দুই বছর ধরে বিভিন্ন টুকিটাকি কাজে হানিফ সংকেতের সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে। তাঁর পরিচালনায় এই প্রথম নাটকে কাজ করলাম। নাটকের গল্পটিও বেশ মজার। কাজ শেষে হানিফ সংকেতেরও প্রশংসা পেয়েছি।’ তিনি জানান, নাটকে তাঁকে একজন ডেকোরেটরের মালিক হিসেবে দেখানো হয়েছে। নাটকের নাম এখনো ঠিক হয়নি। আগামী ঈদে একটি বেসরকারি চ্যানেলে তা প্রচারিত হবে।