এবার হিন্দিতে ‘কমন জেন্ডার’
নোমান রবিনের কমন জেন্ডার ছবিটি এবার হিন্দিতে ভাষান্তর (ডাবিং) করা হবে। এরই মধ্যে বাংলা চিত্রনাট্য থেকে হিন্দি ভাষায় রূপান্তরের কাজ শেষ হয়েছে। আগামী জানুয়ারিতে ভারতের কলকাতায় ছবিটির হিন্দি ডাবিংয়ের কাজ হবে। নোমান রবিন বললেন, ‘ছবিটির ইংরেজি সাব-টাইটেল আগেই করা হয়েছিল। এবার ভারত, নেপাল, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার জন্য ছবিটি হিন্দি ভাষায় ডাব করা হচ্ছে। আগামী বছরের মাঝামাঝি থেকে পর্যায়ক্রমে ছবিটি বিভিন্ন দেশে মুক্তি দেওয়া হবে। আর ছবিটির বিশ্ব পরিবেশনার দায়িত্বে রয়েছে সার্কেল মিডিয়া লিমিটেড।’কমন জেন্ডার ছবিটি ঢাকায় প্রথম মুক্তি পায় গত ২২ এপ্রিল। তখন টানা এক মাস ছবিটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়। গত শুক্রবার ঢাকার বাইরে ১৪টি প্রেক্ষাগৃহে ছবিটি নতুন করে মুক্তি দেওয়া হয়েছে। ঢাকার প্রেক্ষাগৃহে ছবিটি আবার মুক্তি দেওয়া হবে ৪ জানুয়ারি।