এবার 'ইনস্ট্রুমেন্টাল' ফ্লাশ মব!
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ‘ফ্লাশ মব’ এখন দারুণ জনপ্রিয়। ‘চার ছক্কা হইহই’ গানের সঙ্গে স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের করা ফ্লাশ মব প্রতিদিনই ‘আপলোড’ হচ্ছে অনলাইনে। এবার যুক্ত হলো ইনস্ট্রুমেন্টাল ফ্লাশ মব। কয়েকজন তরুণ শিল্পী এ আয়োজন করেছেন জানালা বাংলাদেশের উদ্যোগে। ‘অ্যান ইনস্ট্রুমেন্টাল ট্রিবিউট টু দ্য ফ্রিডম ফাইটারস অব বাংলাদেশ’ শিরোনামে ফ্লাশ মবটির ভিডিও এখন ইউটিউবে দেখা যাচ্ছে।
সম্প্রতি যমুনা ফিউচার পার্কে হঠাৎ করেই বেজে উঠেছিল কাহোন, গিটার, বাঁশি, দোতারা, খোল, মন্দিরা, মেলোডিকা আর হারমনিকা। পায়ে পায়ে এগিয়ে গেছেন কৌতূহলী শ্রোতা। বিভিন্ন বাদ্যযন্ত্র হাতে ‘তীরহারা ওই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে’ গানের এই ফ্লাশ মবে অংশ নেন সন্ধি, সভ্যতা, জুবায়ের, জনাথন, রুবাইয়াত, সজীব, সুখন, শাহরিয়ার, সুমন, পলক, প্রিয়তোষ, উইলিয়াম, মারুফ, তানভীর, সৈকত, রাতুল আর কল্যাণ।