এবার ‘ইশকুল’
হাউসফুল ও এফএনএফ ধারাবাহিকের পর এবার রেদওয়ান রনি তৈরি করছেন ইশকুল। নাটকটি যৌথভাবে লিখছেন আতিক জামান, পল্লব বিশ্বাস, জয়ন্ত রোজারিও এবং রনি নিজে। লেখার পাশাপাশি তাঁরা রনির সঙ্গে পরিচালনার কাজেও সহযোগিতা করবেন।রনি বললেন, ‘ইশকুল ধারাবাহিকের গল্প গড়ে উঠেছে দশম শ্রেণী থেকে এসএসসি সম্পন্ন হওয়া পর্যন্ত সময়টাকে কেন্দ্র করে। এ সময় ওই বয়সী ছেলেমেয়েদের মধ্যে যেসব ঘটনা ঘটে, সেটাই তুলে ধরা হচ্ছে নাটকে। মজার ব্যাপার হলো, আমি যে স্কুলে পড়াশোনা করেছি, নাটকটির শুটিং করছি সেখানেই। বেশ কয়েক দিন ধরে শুটিং করছি। স্কুলের সবাই বেশ সহযোগিতা করছে।’ রনি আরও বললেন, ‘আমাদের সবারই অতীতের দিকে যাওয়ার একটা প্রবণতা রয়েছে। এ ছাড়া স্কুল নিয়ে কমবেশি সবারই নানা স্মৃতি রয়েছে। নাটকটির মধ্য দিয়ে একটি নির্দিষ্ট বয়সের ছাত্রদের মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয় তুলে ধরার চেষ্টা করছি।’ইশকুল নাটকে অভিনয় করছেন সুমাইয়া শিমু, মারজুক রাসেল, ফারুক আহমেদ, সুমন পাটওয়ারী, মিশু সাব্বির, রিফাত চৌধুরী, কাদেরি কিবরিয়া, আশুতোষ সুজন, আরাবি, মিতি, এলেন শুভ্র প্রমুখ।এরই মধ্যে নাটকটির শুটিং শুরু হয়েছে। পুরো শুটিং হচ্ছে পাবনার ভাংগুরা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে।পরিচালক জানালেন, ইশকুল নাটকটি জানুয়ারি মাসের শেষ দিকে এটিএন বাংলায় প্রচার শুরু হবে।