এবার 'এফটিপিও'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিভি নাটকসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন চলে এসেছে এক ছাতার নিচে। গড়ে তুলেছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। গত মঙ্গলবার শিল্পকলা একাডেমিতে নাটক নির্মাণের সঙ্গে জড়িত সংগঠনের সদস্যরা বসে এ সিদ্ধান্ত নেন। এফটিপিওর আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন নাট্যজন মামুনুর রশীদ ও সদস্যসচিব গাজী রাকায়েত।
নতুন সংগঠন প্রসঙ্গে ডিরেক্টরস গিল্ডের সভাপতি ও এফটিপিওর সদস্যসচিব গাজী রাকায়েত বলেন, ‘শুধু পরিচালক বা অভিনয়শিল্পী দিয়েই নির্মাণকাজ শেষ হয় না। সবার স্বার্থে কোনো সিদ্ধান্ত নিতে গেলে একা কোনো সংগঠন নিতে পারে না। সবার আগে দরকার সমন্বয়। এ কারণেই সব সংগঠন ও তাদের প্রতিনিধিরা মিলে এক ছাতার নিচে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।’
এফটিপিওর আহ্বায়কের দায়িত্ব নিয়ে মামুনুর রশীদ বলেন, ‘অনেক দিন ধরেই চেষ্টা করছি সবাই মিলে এক ছাতার নিচে আসার। এবার সেটি সম্ভব হলো। এবার অনেক কিছুই করা যাবে।’
বিভিন্ন সংগঠনের মধ্যে মঙ্গলবার উপস্থিত ছিলেন ডিরেক্টরস গিল্ড, অভিনয়শিল্পী সংঘ, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, টেলিভিশন নাট্যকার সংঘ, শুটিং হাউস অ্যাসোসিয়েশন ও ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সদস্য এবং মেকাআপম্যান ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।