এবার ‘এসএমএস-টু’
এসএমএস নাটকের পর এবার নির্মাণ করা হচ্ছে এসএমএস-টু। নাটকটি নির্মাণ করছেন নইম ইমতিয়াজ নেয়ামুল। এটি রচনা করেছেন রুম্মান রশীদ খান। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, মোনালিসা, বাঁধন, পাপিয়া। আর অতিথি চরিত্রে অভিনয় করবেন নোবেল।নাটকে দেখা যাবে ঘনিষ্ঠ বন্ধু জারা ও রায়ান বিয়ের পিঁড়িতে বসেছে। রায়ান-জারা যতটা না স্বামী-স্ত্রী, তার চেয়ে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কটা বেশ গভীর। একদিন ঝগড়ার ছলেই রায়ান জারাকে স্মরণ করিয়ে দেয় বিয়ের আগের কথা। জারার আত্মসম্মানবোধ তখন প্রখর হয়ে ওঠে। রায়ানকে শাস্তি দেওয়ার পরিকল্পনা আঁটে। পাল্টাপাল্টি এসএমএস খেলায় মেতে ওঠে জারা, তাকে সাহায্য করে তারকা বন্ধু মোনালিসা। একসময় এই মোনালিসাই নতুন চিত্রনাট্যের জন্ম দেয়। মুহূর্তেই সবকিছু ওলটপালট হয়ে যায়।নাটকে অভিনয় প্রসঙ্গে নোবেল বললেন, নাটকের গল্পটি শুনে তিনি একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন। বাঁধন বললেন, ‘গল্পটি আমার কাছে ভালো লেগেছে, তাই কাজটা করছি।’এর আগে মোনালিসা-ইমন একটি মুঠোফোনের বিজ্ঞাপনচিত্রে কাজ করে জনপ্রিয়তা পেয়েছিলেন। এবারই প্রথম তাঁরা নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করছেন। বাঁধন-ইমন এবং বাঁধনের সঙ্গে নোবেলেরও এটি প্রথম নাটক। মডেলিংয়ের নোবেল এবং মডেলিং থেকে চলচ্চিত্রে আসা ইমনের এটাই একসঙ্গে প্রথম কাজ।নির্মাতা জানিয়েছেন, নাটকে মোনালিসা ও নোবেল তাঁদের স্বনামেই অভিনয় করছেন। মোনালিসা নাটকে সুপার মডেল ও নোবেল মডেলিংয়ের ১ নম্বর তারকা চরিত্রে অভিনয় করছেন। এ ছাড়া নাটকটিতে কাজ করার জন্যই মোনালিসা গাড়ি চালানো শিখেছেন।নির্মাতা সূত্রে জানা গেছে, ঈদে কোনো একটি চ্যানেলে নাটকটি প্রচার করা হবে।