এবার 'গোল্লাছুট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ছবি এই তো ভালোবাসা মুক্তির এক মাসের মাথায় দ্বিতীয় ছবি নির্মাণের ঘোষণা দিলেন ছোট পর্দার নিয়মিত পরিচালক শাহিন কবির টুটুল। নতুন ছবির নাম গোল্লাছুট। সম্প্রতি এফডিসিতে ছবিটির নাম নিবন্ধন শেষ করেছেন এই পরিচালক। শাহিন বলেন, ‘গত সপ্তাহে এফডিসিতে ছবির নামটি নিবন্ধন করালাম। শুটিংয়ের প্রস্তুতিও চলছে। আশা করছি, রোজার পরপরই পুরোদমে শুটিং শুরু করতে পারব।’ তবে এখনো ছবির প্রধান অভিনয়শিল্পীদের নাম চূড়ান্ত হয়নি। শাহিন বলেন, ‘ছবির নায়ক-নায়িকা মোটামুটি চূড়ান্ত করে রেখেছি। এখনই বলছি না।’ ছবির গল্প প্রসঙ্গে বলেন, প্রথম ছবিটির গল্প ছিল কমেডি ধাঁচের। গোল্লাছুট-এর গল্প হবে সাইকো-অ্যাকশন থ্রিলার ঘরানার। ‘প্রথম ছবি থেকে ভুলত্রুটি শুধরে নিয়ে দ্বিতীয় ছবি নির্মাণ করতে যাচ্ছি। আশা করছি, এবার দর্শকদের ভালো একটি ছবি উপহার দিতে পারব।’ বলছিলেন শাহিন। গোল্লাছুট ছবিটির কাহিনি ও সংলাপ লিখেছেন জাকারিয়া সৌখিন।