এবার 'প্রেক্ষাগৃহ পূর্ণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্মগেটে আনন্দ সিনেমা হলের টিকিট কাউন্টার
ফার্মগেটে আনন্দ সিনেমা হলের টিকিট কাউন্টার

সিনেমা দেখতে আসা দর্শকের বিশাল সারি, পোস্টারে পোস্টারে সাজানো হলের সদর দরজায় ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’ লেখা নোটিশ আর কালোবাজারে টিকিট বিক্রি—এই দৃশ্যগুলো বহুদিন পর দেখা গেল ঢাকার চলচ্চিত্র বাজারে। ঈদের পর গতকাল প্রথম শুক্রবার রাজধানীর ছোট-বড় সব সিনেমা হলে ছিল অনেক ভিড়।
এমনই ভিড় ছিল যে অভিজাত প্রেক্ষাগৃহগুলোতে ছবি দেখতে আসা দর্শকদের অধিকাংশকেই টিকিট কিনতে হয়েছে কালোবাজারে। ১০০ টাকা মূল্যের টিকিট ২০০ থেকে ২৫০ টাকা, ২০০ টাকার টিকিট ৪০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বাণিজ্যের জন্য ইতিবাচক এমন দৃশ্য প্রেক্ষাগৃহের মালিকদের মাঝে কিছুটা হলেও স্বস্তি এনেছে। তাঁরা বলছেন, এভাবে চললে ঢাকাই ছবির হারানো সুদিন ফিরে আসবে।
এখন ঢাকায় ২৯টি সিনেমা হল চালু আছে। সারা দেশের অন্যান্য হলের পাশাপাশি ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে এবার ঈদে তিনটি নতুন ছবি মুক্তি পেয়েছে। নবাব, বস ২ ও রাজনীতি। রাজধানীর বিভিন্ন সিনেমা হলের মালিকের দেওয়া তথ্য বলছে, নবাব ও বস ২ ছবি দুটিই বেশির ভাগ হলে প্রদর্শিত হচ্ছে। দুটি ছবি নিয়ে দর্শকদের মধ্যে দেখা গেছে বিশেষ আগ্রহ।
গোপীবাগের রিশাদ পাপ্পু বন্ধুদের নিয়ে ছবি দেখতে এসেছেন মতিঝিলের মধুমিতায়। পৌনে তিনটায় টিকিটের জন্য সারিতে দাঁড়িয়েছেন। কিন্তু টিকিট শেষ। সারি ছেড়ে বেরোতেই পাশ থেকে একজনের ডাক, ‘টিকিট লাগলে বইলেন’। নিজের এই অভিজ্ঞতার বর্ণনা দিয়ে পাপ্পু বলেন, ‘এ পথ দিয়ে নিয়মিত যাওয়া-আসা করি। ভিড় চোখে পড়েনি। ভাবলাম এখন টিকিট সহজেই মেলে। এই ভাবনা থেকে আজ ছবি শুরুর কিছুটা আগে এসেছি। এখন তো দেখছি রীতিমতো যুদ্ধ করতে হবে টিকিটের জন্য।’
শুক্রবার সন্ধ্যায় কথা হলো বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার নওশাদের সঙ্গে। জানালেন, তাঁর নিজের প্রতিষ্ঠান মধুমিতা মুভিজে চলছে বস টু ছবিটি। আগের চার দিনে বৈকালিক এবং সন্ধ্যাকালীন সব কটি প্রদর্শনীতে পুরোপুরি আসন পূর্ণ হচ্ছে। মাঝে মাঝে রাতের প্রদর্শনীগুলোতেও ডিসি অংশটি পূর্ণ হয়। গতকাল ভিড় ছিল সবচেয়ে বেশি। মধুমিতায় ১০০ টাকা, ৬০ টাকা এবং ৩০ টাকা হারে টিকিট বিক্রি হয়। তবে অভিজাত এই প্রেক্ষাগৃহে গতকাল সন্ধ্যায় দ্বিগুণ দামে কালোবাজারিতে টিকিট বিক্রি হতে দেখা গেছে।
গতকাল দর্শকের অতিরিক্ত উপস্থিতির সুযোগে স্টার সিনেপ্লেক্স, বলাকা সিনেওয়ার্ল্ড, জোনাকী সিনেমা, আজাদ, আনন্দ ইত্যাদি প্রতিষ্ঠানে নির্ধারিত দামের দ্বিগুণ টাকায় কালোবাজারে টিকিট বিক্রি হতে দেখা গেছে।
পুরান ঢাকার ঐতিহ্যবাহী আজাদ সিনেমা হলের পরিচালনাকারী মিয়া আলাউদ্দীন বলেন, ‘ব্যবসা নেই বলে ঐতিহ্যবাহী এই হল ছেড়ে দেব বলে পরিকল্পনা করেছি। এবার ঈদে মুক্তি পাওয়া ছবিগুলো আমাকে নতুন করে ভাবাচ্ছে। অনেক দিন পর এমন মন ভালো করে দেওয়া দৃশ্য দেখা মিলছে। যা সত্যি আমাদের আশাবাদী করে তুলেছে।’ আজাদসহ গত কয়েক দিন পুরান ঢাকার প্রেক্ষাগৃহগুলোতে চোখে পড়ার মতো দর্শকের উপস্থিতি ছিল।
বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক কাজী শোয়েব রশিদ বলেন, ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবিই নির্মিত হয়েছে ডিজিটাল পদ্ধতিতে। স্বচ্ছ পর্দার পাশাপাশি ভালো শব্দব্যবস্থার কারণে দর্শকেরা হলমুখী হয়েছে। তাঁর ভাষায়, ‘প্রত্যাশার চেয়ে ভালো ব্যবসা করছে এবারের ছবিগুলো। আশা করছি, ঢাকাই ছবির বাজার আবার জমবে।’