এবার ‘বিপাশার সঙ্গে’
টিভি নাটক, মঞ্চনাটক ও বিশ্ব নাটক নিয়ে বিপাশা হায়াত একটি অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করতে যাচ্ছেন। নাম বিপাশার সঙ্গে। অনুষ্ঠানটি দেখা যাবে আরটিভিতে। এটি নির্মাণ করবেন রবিশঙ্কর মৈত্রী। জানা গেছে, এ অনুষ্ঠানে কলাকুশলীদের নিয়ে আসা হবে। একটি নাটক নির্মাণে কী ধরনের সমস্যার মুখোমুখি হতে হয়—নাট্যকার, পরিচালক, প্রযোজক ও সংগীত পরিচালকের মাধ্যমে তা তুলে ধরা হবে। সেই সঙ্গে একটি নাটকের ভালো ও দুর্বল দিকও আলোচনা করা হবে।নতুন এই অনুষ্ঠান উপস্থাপনা প্রসঙ্গে বিপাশা বলেন, ‘আমি এই অঙ্গনে দীর্ঘদিন কাজ করছি। এর ফলে যে অভিজ্ঞতা হয়েছে এবং কাজ করতে গিয়ে খুব কাছ থেকে যে সমস্যাগুলো উপলব্ধি করেছি, সেসবই এ অনুষ্ঠানে তুলে আনা হবে।’তিনি আরও বললেন, ‘নাটক যে আসলে কোনো ম্যাগাজিন অনুষ্ঠান বা স্কিড নয়, সেটি আমি তুলে ধরতে চাই। নাটক যে একটি শিল্প, সে বিষয়টি আমার অনুষ্ঠানে অনেক বেশি গুরুত্ব পাবে।’বিপাশা জানান, ২০ মিনিট দৈর্ঘ্যের অনুষ্ঠানটির শুটিং শুরু হবে শিগগিরই।