এবার ‘বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ’
বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে বেশ কটি অডিও অ্যালবামের পর এবার প্রকাশিত হচ্ছে মিউজিক ভিডিও অ্যালবাম। চ্যানেল আইয়ের জন্য নির্মিত বিশ্বকাপ ক্রিকেটের জনপ্রিয় নয়টি গান নিয়ে ইমপ্রেস অডিও ভিশন প্রকাশ করল মিউজিক ভিডিওচিত্রের অ্যালবাম ‘বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ’।গানের ভিডিওগুলো নির্মাণ করেছেন ইজাজ খান স্বপন, খালিদ মাহমুদ মিঠু, শহিদুল আলম সাচ্চু ও হিমেল আশরাফ। গানগুলোতে মডেল হয়েছেন মুহম্মদ জাফর ইকবাল, জুয়েল আইচ, নাসিরউদ্দিন ইউসুফ, আনিসুল হক, হাবিবুল বাশার, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, শফিকুল হক হীরা, নাঈমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজনসহ অনেকে।অ্যালবামের গানগুলো হচ্ছে, ‘মারো ছক্কা মারো চার’, ‘ক্রিকেট বাংলাদেশ’, ‘ক্রিকেটের ঢেউ লেগেছে বাংলাদেশে’, ‘বাংলাদেশের হূদয় যে আকাশ সমান বড়’, ‘বাংলাদেশ ক্রিকেট দল’, ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ এবং ‘সবার মনে স্বপ্ন জেগেছে ও জাগো বাংলাদেশ’। গানের কথাগুলো লিখেছেন কবির বকুল, লুত্ফুর রহমান রিটন, জুলফিকার রাসেল, রবিউল ইসলাম জীবন, জামল রেজাসহ অনেকে।গানের শিল্পীরা হলেন—সৈয়দ আবদুল হাদী ও রেজওয়ানা চৌধুরী বন্যা, মমতাজ, কুমার বিশ্বজিত্ ও কনকচাঁপা, ইবরার টিপু, দুরবীন (শহীদ, আরফিন রুমি, কাজী শুভ ও আইয়ুব শাহরিয়ার), আসাদ গোলদার এবং ক্ষুদে গানরাজের ১২ জন জুনিয়র শিল্পী।অ্যালবামটি সম্পর্কে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘বিশ্বকাপ আয়োজন একটা দেশের জন্য অনেক সৌভাগ্যের এবং মর্যাদার বিষয়। তাই এবারের বিশ্বকাপকে আরও বেশি স্মরণীয় করে তোলার জন্য আমাদের এ আয়োজন। অ্যালবামের মিউজিক ভিডিওগুলোতে দেশবরেণ্য ব্যক্তিরা অংশ নিয়ে নিয়েছেন। এঁদের অনেকে ক্রিকেট খেলেন না। কিন্তু ক্রিকেটকে অনেক বেশি ভালোবাসেন। সবার মিলিত অংশগ্রহণে মিউজিক ভিডিওর এই অ্যালবামটি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের সংগ্রহে রাখার মতোই একটি অ্যালবাম হবে।’ জানা গেছে, কাল শনিবার থেকে ‘বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ’ অ্যালবামটি সারা দেশের অডিও বাজারে পাওয়া যাবে।