এবার ‘বিসর্জন’ আনছে মহাকাল
ঢাকার মঞ্চে রবীন্দ্রনাথের নাটক মঞ্চস্থ হচ্ছে ষাটের দশক থেকেই। ওই সময় রবীন্দ্রনাথের রক্তকরবী, তাসের দেশ নাটকগুলো বিচ্ছিন্নভাবে মঞ্চায়িত হয়। স্বাধীনতাযুদ্ধ-পরবর্তীকালে যখন দর্শনির বিনিময়ে মঞ্চনাটকের যাত্রা শুরু হলো তখন থিয়েটার, নাগরিকসহ একাধিক দল রবীন্দ্রনাথের নাটক মঞ্চায়ন শুরু করে। মূলত তখন থেকেই রবীন্দ্রনাথের নাটক নিয়মিত মঞ্চায়ন শুরু হয়। এই ধারাবাহিকতা এখনো চলছে। ঢাকার বাইরে চট্টগ্রামের তির্যক নাট্যদল রক্তকরবী ও বিসর্জন নাটক দুটি এখনো নিয়মিতই করছে। আশির দশকের শুরুর দিকে নাগরিক নাট্যসম্প্রদায় বিসর্জন নাটকটি মঞ্চে আনে। সেই নাটকটির নির্দেশনায় ছিলেন আবুল হায়াত। এরপর বিসর্জন নাটকটি নিয়ে ঢাকার মঞ্চে তেমন একটা কাজ হয়নি। দীর্ঘ সময় পেরিয়ে ঢাকার নতুন একটি পেশাদার দল দশরূপক এ বছর বিসর্জন মঞ্চে আনে। এটি নায়লা আজাদ নূপুরের নির্দেশনায় মঞ্চে আসে। এবার বিসর্জন নিয়ে কাজ করতে যাচ্ছে মহাকাল নাট্যসম্প্রদায়। দলের ২৭তম প্রযোজনা ধরে নাটকটির প্রাথমিক কাজ এ মাস থেকেই শুরু করেছে দলটি। মহাকাল নাট্যসম্প্রদায় এর আগে মৌলিক নাটকের নানা বিষয়ে কাজ করলেও এবারই প্রথম রবীন্দ্রনাথের নাটক নিয়ে কাজ করছে।রবীন্দ্রনাথের নাটক প্রথম মঞ্চে আনা প্রসঙ্গে মহাকাল নাট্যসম্প্রদায়ের সভাপতি মীর জাহিদ হোসেন বলেন, ‘রবীন্দ্রনাথের ছোটগল্প নাটক উপন্যাসের সমৃদ্ধ ভান্ডার রয়েছে। অনেক দলই এই ভান্ডার থেকে নিয়ে কাজ করছে। আমরা যে এত দিন রবীন্দ্রনাথকে নিয়ে কাজ করিনি, এ জন্য অপরাধ বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘আর এক-দেড় বছর আগেই আমরা নাটকটি মঞ্চে আনতে পারতাম। মাঝখানে আমাদের দলের অহম তমসায় নাটকটি মঞ্চে আনতে দেরি হওয়ার কারণেই কাজটি আনতে দেরি হয়ে গেল।’ তিনি জানান, বিসর্জন নাটকটি সরাসরি মঞ্চে আনা হচ্ছে না। প্রাসঙ্গিকতা ঠিক রেখে বিভিন্ন জায়গায় কিছুটা নাট্যরূপ করা হয়েছে। নাট্যরূপটি দিয়েছেন আনন জামান। নির্দেশনার কাজটিও আপাতত তিনিই করছেন।জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক রেজা আরিফ পরবর্তী সময়ে মূল নির্দেশনা দেবেন বলে মীর জাহিদ হোসেন জানান। তিনি আরও জানান, ‘ঠিকঠাকমতো কাজটি করতে পারলে আশা করছি, এ বছরের অক্টোবরেই নাটকটি মঞ্চে আনতে পারব।’