এবার ‘সার্কেল দ্য গ্লোব’
ভ্রমণ নিয়ে মৌটুসী বিশ্বাস প্রথম অনুষ্ঠান করেছিলেন ২০০০ সালে। অ্যাডভেঞ্চার বাংলাদেশ নামের অনুষ্ঠানটি তখন দেখানো হয়েছিল একুশে টিভিতে। পরিচালক ছিলেন প্রয়াত আহির আলম। অনেক বছর পর আবারও ভ্রমণবিষয়ক অনুষ্ঠান উপস্থাপনা করছেন মৌটুসী। তবে এবার দেশের বাইরে, নাম সার্কেল দ্য গ্লোব। পরিচালনা করছেন শাহরিয়ার শাকিল। সম্প্রতি তাঁরা ঘুরে এলেন ফ্রান্স ও স্পেন। মৌটুসী জানান, ভ্রমণের এই অনুষ্ঠানের জন্য তাঁরা ফ্রান্সের প্যারিস ও ভার্সাই, স্পেনের মাদ্রিদ, টলেডো, কর্ডোভা, গ্রানাডা, ভ্যালেন্সিয়া ও বার্সেলোনাতে ঘুরে বেড়িয়েছেন। এখানে বিভিন্ন দর্শনীয় স্থানের পাশাপাশি সংশ্লিষ্ট স্থানের ইতিহাস, উল্লেখযোগ্য ঘটনা, স্থানীয় মানুষজনের কথা, তাদের জীবনযাপনের চিত্র ও খাবারের গল্প তুলে ধরা হয়েছে। অনুষ্ঠানটি দেখে কেউ যদি ওই সব স্থানে যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়, তাদের জন্য থাকবে নানা নির্দেশনা।দীর্ঘদিন পর ভ্রমণের অনুষ্ঠান উপস্থাপনা করতে কেমন লেগেছে? মৌটুসী বললেন, ‘আমার মধ্যে দারুণ উত্তেজনা কাজ করছিল। প্রায় ১১ বছর আমি এ ধরনের আর কোনো অনুষ্ঠান করিনি। তবে ইচ্ছা ছিল। ভালো একটা সুযোগের জন্য অপেক্ষা করেছিলাম। তাই তো যাওয়ার আগে, যেখানে যাচ্ছি, ইন্টারনেট ঘেঁটে সেখানকার সব তথ্য সংগ্রহ করেছি। বলতে পারেন, পুরো একটা ধারণা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যাতে অনুষ্ঠানগুলো দেখে দর্শক মুগ্ধ হয়।’শাহরিয়ার শাকিল জানান, বিভিন্ন টিভি চ্যানেলের সঙ্গে অনুষ্ঠানটি নিয়ে আলোচনা হচ্ছে।