এবার ‘সীতা’ চুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরাণিক কালে সীতার প্রথম অগ্নিপরীক্ষা হয়েছিল দূর লঙ্কা নগরে। অগ্নিপরীক্ষায় অংশ নিয়েছিলেন স্বয়ং রামচন্দ্রের স্ত্রী সীতাদেবী। পুরুষশাসিত সমাজে অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে নিজের সতীত্ব ও পতিপ্রেমের একাগ্রতাকে প্রতিষ্ঠিত করতে বাধ্য হয়েছিলেন তিনি। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে মহাকবি বাল্মীকি রামায়ণ-এর কাহিনিতে সীতার সেই অগ্নিপরীক্ষার কথা প্রকাশ করেছিলেন। আদিকবি বাল্মীকি রচিত রামায়ণ-এর উত্তরকালে বর্ণিত সীতার অগ্নিপরীক্ষার আখ্যানকে সমকালীন মঞ্চে পরিবেশনের জন্য রচনা করেছেন সাইমন জাকারিয়া। তিনি বললেন, ‘সীতার অগ্নিপরীক্ষা নাটকটি রামায়ণ-এর উত্তরকালের একটি ঘটনাকে অবলম্বন করে রচনা করা হয়েছে। পাশাপাশি এ নাটকে রামায়ণ-এর সামগ্রিক কাহিনিসূত্রকে ব্যক্ত করার চেষ্টা করেছি। নাটকে একই সঙ্গে কৃত্তিবাসী রামায়ণ ও চন্দ্রাবতী রামায়ণ-এর অনুপ্রেরণা এবং এখনো আমাদের গ্রামবাংলায় প্রচলিত বিভিন্ন ধরনের রামায়ণ পালার বর্ণনাভঙ্গি, ব্যাখ্যা, সংগীতকে গ্রহণ করেছি। এই বিবেচনায় সীতার অগ্নিপরীক্ষা নাটকটি আমার দীর্ঘদিনের শ্রম ও সাধনার ফসল।’ গত বছর উপমহাদেশীয় সংগীত ও নৃত্য প্রসার কেন্দ্র সাধনার প্রযোজনায় ভারতের প্রখ্যাত অভিনেত্রী আভেরী চৌয়ের একক অভিনয়ে সীতার অগ্নিপরীক্ষা নাটকটি ঢাকা ও দিল্লিতে মঞ্চস্থ হয়। এক বছর পর এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আবার মঞ্চস্থ হতে যাচ্ছে নাটকটি। এবার একক অভিনয় করবেন নাজনীন চুমকি। নির্দেশনাও দিচ্ছেন তিনি। প্রযোজনা করেছে সাধনা। নৃত্য পরিচালনা করছেন লুবনা মারিয়াম। সংগীত পরিচালনা করছেন জাহিদুল কবির। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর স্টুডিও থিয়েটার হলে ২৭ জুন কারিগরি প্রদর্শনী হবে। উদ্বোধনী প্রদর্শনী হবে ২৮ জুন। এ নাটকে অভিনয় ও নির্দেশনা প্রসঙ্গে নাজনীন চুমকি বলেন, ‘সাধনার উদ্যোগে দীর্ঘদিন পর আবার মঞ্চে নাটক করার সুযোগ পাচ্ছি। নাটকে গান, নাচ ও অভিনয়কে একসঙ্গে মঞ্চে উপস্থাপন করব। নাটকটি একক অভিনয়ের জন্য রচিত হলেও এটা আসলে আমাদের অভিনয় দলের সংগীত পরিচালক, সহযোগী শিল্পীবন্ধু ও গুরুজনদের সম্মিলিত প্রচেষ্টার ফসল।’