এবার ‘হাড়কিপ্টে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালাহউদ্দিন লাভলুর প্রথম মেগা ধারাবাহিক ছিল রঙের মানুষ। এরপর ভবের হাট, ঘর কুটুম এবং সর্বশেষ সাকিন সারিসুরি। এবার তিনি আরেকটি বড় ধারাবাহিক তৈরি করছেন, নাম হাড়কিপ্টে। লাভলু জানান, বছর তিনেক আগে ঈদের অনুষ্ঠানমালায় প্রচারিত হয়েছিল টেলিছবি হাড়কিপ্টে। দর্শকদের কাছে প্রশংসিত হওয়ায় এবার সেই গল্পের ভাবনা নিয়ে তৈরি হচ্ছে বড় ধারাবাহিক। এ ক্ষেত্রে গল্পের পরিধি বাড়ানো হয়েছে, যুক্ত করা হয়েছে আরও কিছু চরিত্র।বাংলাভিশন অনেক দিন ধরেই ঘোষণা করছে, শিগগিরই শুরু হচ্ছে হাড়কিপ্টে ধারাবাহিকটি। লাভলু বললেন, ‘একটু সময় লাগবে। এখনো নাটকটির শুটিং করছি। পুরোটা শেষ করে তবেই প্রচারের জন্য জমা দিতে চাইছি। আজ (সোমবার) হচ্ছে ৩৫তম পর্বের শুটিং। এই নাটকের দুজন গুরুত্বপূর্ণ শিল্পী মোশাররফ হোসেন ও চঞ্চল চৌধুরী টেলিভিশন ছবিতে অভিনয়ের জন্য ব্যস্ত হয়ে যাবেন। তাঁদের অনেক দিন পাওয়া সম্ভব হবে না। সে কারণেই এখন খুব দ্রুত তাঁদের কাজগুলো শেষ করছি। আর আরেকজন শিল্পী হাবিবুর রহমান হূদরোগে ভুগছেন। সব মিলিয়েই ঝুঁকি নিতে চাচ্ছি না।’জানালেন, দর্শকদের পুরো মাত্রায় বিনোদন দেওয়ার জন্যই ধারাবাহিকটি তৈরি করছেন। বললেন, ‘নাটকটি দেখে দর্শক যেন আনন্দ পান, সেই ভাবনাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি। হাড়কিপ্টে মানুষগুলোর চরিত্র কেমন হয়, তা-ই তুলে ধরা হচ্ছে ধারাবাহিকটিতে।’হাড়কিপ্টে ধারাবাহিকের এখন শুটিং হচ্ছে পুবাইলে। লিখেছেন বৃন্দাবন দাস। অভিনয়শিল্পীদের মধ্যে আছেন আমিরুল হক চৌধুরী, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, আ খ ম হাসান, শামীম জামান, শাহনাজ খুশি প্রমুখ।