এবার '১৯২৯ একটি প্রেমগাথা'
হূদয়ের কথার ব্যাপক সাফল্যের পর চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান পথিক এবার আরেকটি ছবির কাজ শুরু করছে। এবারের ছবির নাম ১৯২৯ একটি প্রেমগাথা। ছবিটির পরিচালক দীপংকর দীপন। ছবির গল্প প্রসঙ্গে তিনি জানান, কলকাতার চিত্রনায়ক ধীরাজের সঙ্গে টেকনাফের মগকন্যা মাথিনের ঐতিহাসিক রোমাঞ্চকর প্রেমকাহিনি এই ছবির বিষয়বস্তু। এর সঙ্গে আছে কলকাতার নির্বাক ও সবাক যুগের সিনেমা ও টেকনাফের পাহাড়-সমুদ্রঘেরা রোমাঞ্চকর জীবন। ইংরেজ শাসনের সূত্র ধরে আদিবাসী পাহাড়ি জীবনের আড়ালে শাশ্বত, চিরন্তন ও জমজমাট প্রেমের কাহিনি ১৯২৯ একটি প্রেমগাথা।
পথিকের কর্ণধার তুহিন বড়ুয়া জানান, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে ছবিটি। এখন ছবির কলাকুশলী ও শিল্পীদের চূড়ান্ত করার কাজ হচ্ছে।
দীপংকর দীপন বলেন, ‘প্রেমের সিনেমা তৈরির জন্য পরিচালককে অবশ্যই সিনেমার চরিত্রের প্রেমে পড়তে হয়। মাথিনের প্রেম আমাকে আলোড়িত করে, মাথিনের কষ্ট আমাকে কাঁদায়।’
ছবিটির নির্বাহী প্রযোজক নিমা রহমান বলেন, ‘ছবিটির গল্প আমার ভালো লেগেছে। ধীরাজ-মাথিনের প্রেম তো খুবই বিস্ময়কর। আমি মনে করি, ছবিটি আমাদের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে।’