এবারও মুক্তি পেছাল 'এক পৃথিবী প্রেম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘এক পৃথিবী প্রেম’ ছবিতে আইরিন ও আসিফ
‘এক পৃথিবী প্রেম’ ছবিতে আইরিন ও আসিফ

এ নিয়ে তিন–তিনবার মুক্তির তারিখ পেছাল এস এ হক অলিকের ‘এক পৃথিবী প্রেম’ ছবিটির। সবশেষ ২১ অক্টোবর শুক্রবার ছবিটির মুক্তির দিন চূড়ান্ত হয়েছিল। পিছিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করে আগামী ২৩ ডিসেম্বর ছবিটির মুক্তির সম্ভাব্য দিনও নির্ধারণ করেছেন ছবির পরিচালক। 

এবারও মুক্তি পিছিয়ে দেওয়ার ব্যাপারে এস এ হক অলিক বলেন, ‘আমার শুভাকাঙ্ক্ষী, সিনেমা হল মালিক, বুকিং এজেন্ট ও প্রযোজকদের অনুরোধক্রমেই ছবিটির মুক্তির তারিখ পেছাতে হচ্ছে।’
তবে মুক্তি পিছিয়ে দেওয়ার ব্যাপারে ‘আয়নাবাজি’ ছবিটিকেও সামনে এনেছেন এই পরিচালক।
তিনি বলেন, “‘আয়নাবাজি” ছবিটি দর্শকদের প্রেক্ষাগৃহে আনতে পেরেছে। হল মালিক ও বুকিং এজেন্টদের বেশ কয়েকজন “এক পৃথিবী প্রেম” ছবিটিও দেখেছেন। তাঁদের ধারণা, এই ছবিটিও দেখতে হলে আসবেন দর্শকেরা। তাই একসঙ্গে দুটি ছবি প্রদর্শিত হলে দুটি ছবিই ব্যবসায়িকভাবে ক্ষতির মুখে পড়তে পারে।’
আর কোনো বিশেষ সমস্যা না হলে আগামী ২৩ ডিসেম্বর ছবিটি মুক্তি দিতে চান বলে জানান এস এ হক অলিক।
‘এক পৃথিবী প্রেম’ ছবিটিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন আইরিন ও আসিফ নূর। আরও অভিনয় করেছেন হাসান ইমাম, আবুল হায়াত, এ টি এম শামসুজ্জামান, আমিরুল হক চৌধুরী, শর্মিলী আহমেদ প্রমুখ।