প্রতি দুই বছর পরপর বাংলাদেশের একমাত্র বড় নাটকের সংগঠন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা। কমিটি গঠনের সময় প্রতিবারই সঠিক সময়ে মেয়াদ শেষে দুই বছর পর পুরোনো কমিটি ভেঙে দিয়ে নতুন কমিটি গঠনের তাগিদ থাকে, কিন্তু কোনোবারই তা আর হয় না। সঠিক সময়ে তো দূরের কথা, নির্দিষ্ট সময়ের এক বছরের বেশি সময় কোনো কোনো কমিটির মেয়াদ চলেছে। সেই ধারাবাহিকতা থেকে এবারও বেরোতে পারেনি বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ২১তম দ্বিবার্ষিক সম্মেলনের কমিটি। এরই মধ্যে কমিটির মেয়াদ প্রায় পাঁচ মাস উত্তীর্ণ হয়ে গেছে। নতুন কমিটি করার জন্য দেশব্যাপী বিভাগীয় সম্মেলন শেষ করতে হয়; শেষ করতে হয় ফেডারেশনের বার্ষিক সম্মেলন। তার একটাও এখনো সম্পন্ন হয়নি। গত বছরে বিভাগীয় সম্মেলন শুরু হলেও এখনো তা শেষ হয়নি। এখনো সিলেট বিভাগের সম্মেলন বাকি রয়েছে। বার্ষিক সম্মেলন কবে হবে, তার সঠিক সিদ্ধান্তের কথা ফেডারেশনের নেতারা জানাতে পারেননি। ২০০৯ সালের ১২ জুন নির্বাচনের মাধ্যমে সভাপতি, সেক্রেটারি জেনারেলসহ ৪৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হয়। নিয়ম অনুযায়ী এ বছরের জুনের মধ্যে ফেডারেশনের নতুন কমিটি গঠন হওয়ার কথা। কিন্তু প্রতিবারের মতো সেই একই ছকে নতুন কমিটি গঠন আটকে গেল কেন? ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ঝুনা চৌধুরী বললেন, ‘এবার আমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই দ্বিবার্ষিক সম্মেলন করে নতুন কমিটি গঠন করতে চেয়েছিলাম। কিন্তু বড় ঝামেলা বাধে অন্য জায়গায়। এ বছর আমরা প্রথমবারের মতো সরকারের কাছ থেকে থিয়েটারের জন্য ৬২ লাখ টাকার অনুদান পেয়েছি; এবং টাকাটা খরচের জন্য সময়সীমা ছিল খুবই অল্প। ফলে এ বিষয়টি নিয়েই আমরা বেশি সময় ব্যয় করেছি; এবং টাকা খরচের একটা হিসাবও সরকারকে দিতে হবে। সেখানেও কাজ করতে হচ্ছে। একই সঙ্গে আগামী বছরের বাজেটের জন্য এখনই খরচের একটা খসড়া তৈরি করতে হবে। ফলে অন্যদিকে আর সময়ই দেওয়া হয়নি। তবে আমরা এ বছরের নভেম্বরের শেষের দিকে সিলেট বিভাগের সম্মেলন শেষ করব। বার্ষিক সম্মেলন করব ডিসেম্বরের শেষের দিকে। আর আগামী বছরের ফেব্রুয়ারিতে ২২তম সম্মেলন করার মাধ্যমে নতুন কমিটি তৈরি করতে পারব।’ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী বললেন, ‘কমিটির মেয়াদ দুই বছর থাকলেও সাধারণ নিয়মেই আড়াই-তিন বছর কমিটির মেয়াদ বেড়ে যায়। তবে আমরাও চাই, নিয়মের মধ্যে থেকে সঠিক সময়ে পরবর্তী কমিটি গঠন করতে। সামনে আমাদের কেন্দ্রীয় পরিষদের সভায় দ্বিবার্ষিক সম্মেলনের বিষয়ে সিদ্ধান্ত হবে।’কয়েক বছর ধরে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের কমিটি নির্বাচনের মাধ্যমে গঠন করা হচ্ছে। এবারও একই প্রক্রিয়ায় হবে কি না—জানতে চাইলে ঝুনা চৌধুরী বলেন, ‘আমার ব্যক্তিগত মতামত হলো, নাটকের সংগঠনের জন্য নির্বাচন করার প্রয়োজন পড়ে না। নির্বাচনের ক্ষেত্রে দেখা যায়, শিল্পীরা বিভক্ত হয়ে যায়। থিয়েটারের কর্মীদের সংগঠন গঠনের ক্ষেত্রে সেই প্রয়োজন লাগে না বলে আমি মনে করি। আমরা এবার চেষ্টা করব নির্বাচন না করার। এ জন্য দল বা সংগঠকদের সঙ্গে বসে আলাপ-আলোচনা করা হবে।’