এবারে আকরামকে ‘আজীবনের বন্ধু’ বললেন সুস্মিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুদিন আগে ভারতীয় সংবাদমাধ্যমে সুস্মিতা সেন-ওয়াসিম আকরামের বিয়ের গুজব ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আকরাম জানিয়েছিলেন, সুস্মিতা স্রেফ তাঁর একজন ভালো বন্ধু। এবারে আকরামকে আজীবনের বন্ধু বলে ঘোষণা দিলেন সুস্মিতা স্বয়ং।সেসময় মুখপাত্রের মাধ্যমে বিয়ের বিষয়টি অস্বীকার করেছিলেন সুস্মিতা সেন। বিষয়টি নিয়ে এবারে স্পষ্ট করে মুখ খুললেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের এই অভিনেত্রী। খবরটিকে ডাহা মিথ্যা দাবি করার পাশাপাশি আকরাম তাঁর আজীবনের বন্ধু জানিয়ে সুস্মিতা বলেছেন, এ বন্ধুত্ব অটুট থাকবে চিরকাল।আকরামের সঙ্গে বিয়ের পরিকল্পনার খবর সম্পর্কে নিজের অবস্থান জানাতে সুস্মিতা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার খুদে ব্লগসাইট টুইটারকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘পিটিআই’।এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় সুস্মিতা লিখেছেন, ‘কয়েক দিন ধরে ওয়াসিম আকরামের সঙ্গে আমার বিয়ের পরিকল্পনা-সংক্রান্ত বানোয়াট সব খবর চোখে পড়ছে। ফালতু এসব খবরের কোনো মানেই হয় না। মাঝেমধ্যে মিডিয়া যে কতটা দায়িত্বহীন আচরণ করতে পারে, এ তারই প্রমাণ।’সুস্মিতা আরও লিখেছেন, ‘ওয়াসিম আকরাম এবং আমার মধ্যে বন্ধুত্বের বাইরে আর কোনো সম্পর্ক নেই। তিনি আমার অনেক ভালো একজন বন্ধু। চিরকাল আমার বন্ধু হয়েই থাকবেন তিনি। আমি জানি, তাঁর জীবনে চমত্কার একজন নারীর উপস্থিতি আছে। আমাদের ঘিরে এ ধরনের গুজব ছড়ানোটা অপ্রত্যাশিত এবং মানহানিকর। পাত্র খুঁজে পেলে আমি নিজেই আমার বিয়ের খবর সবাইকে জানিয়ে দেব।’ এদিকে, ২০০৯ সালে স্ত্রী হুমার মৃত্যুর পর থেকে বিপত্নীক জীবন যাপন করছেন কলকাতা নাইট রাইডার্স দলের সাবেক বোলিং কোচ ওয়াসিম আকরাম। আপাতত বিয়ের কোনো রকম ইচ্ছে নেই বলেও জানিয়েছেন তিনি।এ প্রসঙ্গে আকরামের ভাষ্য, ‘ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে আমি এক বছরের জন্য বিরতি নিয়েছি। সন্তানদের মুখের দিকে তাকিয়েই আমার এ সিদ্ধান্ত। আমার দুই ছেলের বেড়ে ওঠার বয়সটাতে বাবা হিসেবে সব সময় তাদের কাছাকাছি থাকতে চাই। এখন আমার সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত হয়ে আছে দুই সন্তানের প্রতি। তাদের সঙ্গে সুন্দর সময় কাটানোই আমার একমাত্র চাওয়া। এই মুহূর্তে বিয়ে করার কোনো পরিকল্পনা আমার নেই।’ ২০০৮ সালে প্রচারিত নাচবিষয়ক টিভি রিয়েলিটি শো ‘এক খিলাড়ি এক হাসিনা’র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আকরাম ও সুস্মিতা। অনুষ্ঠানের সেটে পরিচয়ের পর থেকেই তাঁদের প্রেমের খবর ডালপালা মেলেছিল। দিন কয়েক আগে তাঁদের বিয়ের পরিকল্পনার খবর চাউর হলে হইচই পড়ে যায় চারদিকে।