এবারেও গ্র্যামি মনোনয়নে রবিশঙ্কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবিশঙ্কর
রবিশঙ্কর

এবারও গ্র্যামির মনোনয়নে উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী প্রয়াত রবিশঙ্করের নাম ঘোষণা করেছে ৫৬তম গ্র্যামি পুরস্কার কমিটি। এবার ‘দ্য লিভিং রুম সেশনস পার্ট ২’ অ্যালবামের জন্য গ্র্যামির মনোনয়ন পেয়েছেন তিনি।
লস অ্যাঞ্জেলেসের স্ট্যাপলস সেন্টারে ৫৬তম গ্র্যামি পুরস্কার প্রদানের আসর বসবে আগামী বছরের ২৬ জানুয়ারি। ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে মনোনয়ন পেয়েছেন রবিশঙ্কর। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।
গত বছরের ১১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন পণ্ডিত রবিশঙ্কর। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। মৃত্যুর এক দিন পরই তাঁকে গ্র্যামি আজীবন সম্মাননা প্রদানের ঘোষণা দেওয়া হয়।
এর আগের বছর ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ৫৫তম গ্র্যামি পুরস্কার প্রদান আসরে তাঁর পক্ষে পুরস্কারটি গ্রহণ করেছিলেন রবিশঙ্করের দুই মেয়ে আনুশকা শঙ্কর ও নোরা জোনস। ‘দ্য লিভিং রুম সেশনস পার্ট ১’ অ্যালবামের জন্য ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগেও গ্র্যামি পুরস্কার অর্জন করেন রবিশঙ্কর। এ পুরস্কারটিও তাঁর পক্ষে গ্রহণ করেন আনুশকা শঙ্কর ও নোরা জোনস।
৫৬তম গ্র্যামি পুরস্কারে ওয়ার্ল্ড মিউজিক অ্যালবাম বিভাগে রবিশঙ্করের ‘দ্য লিভিং রুম সেশনস পার্ট ২’ অ্যালবামের পাশাপাশি মনোনয়ন পেয়েছে ফরাসি ব্যান্ডদল জিপসি কিংসের অ্যালবাম ‘সেভার ফ্ল্যামেঙ্কো’, নাইজেরিয়ার সংগীতশিল্পী ফেমি কুটির অ্যালবাম ‘নো প্লেস ফর মাই ড্রিম’ এবং দক্ষিণ আফ্রিকার ব্যান্ডদল লেডিস্মিথ ব্ল্যাক মামবাজোর অ্যালবাম ‘লাইভ: সিংগিং ফর পিস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড’।