এবারের অস্কার মনোনয়নে শীর্ষে ‘লিংকন’
অস্কারের ৮৫তম আসর বসতে যাচ্ছে আগামী ২৪ ফেব্রুয়ারি। সেদিন হলিউডের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ পুরস্কার। সম্প্রতি অস্কার মনোনয়ন ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। সেরা ছবিসহ ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে অস্কার দৌড়ে এগিয়ে আছে স্টিভেন স্পিলবার্গের ‘লিংকন’। এবারের অস্কারে সেরা ছবির লড়াই হবে মোট নয়টি ছবির মধ্যে। সেগুলো হল ‘লিংকন’, ‘লাইফ অব পাই’, ‘জ্যাঙ্গো আনচেইনড’, ‘জিরো ডার্ক থার্টি’, ‘লা মিজারেবলস’, ‘আর্গো’, ‘বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড’, ‘আমর’ এবং ‘সিলভার লাইনিংস প্লেবুক’। এক খবরে এমন তথ্য জানিয়েছে সিএনএন। সেরা চলচ্চিত্র নির্মাতা বিভাগে চূড়ান্ত অস্কার মনোনয়ন পেয়েছেন স্টিভেন স্পিলবার্গ (লিংকন), অ্যাং লি (লাইফ অব পাই), ভেন জাইট্লিন (বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড), মাইকেল হ্যানেক (আমর) এবং ডেভিড ও. রাসেল (সিলভার লাইনিংস প্লেবুক)।এবারের অস্কারে সেরা অভিনেতার পুরস্কার পাওয়ার দৌড়ে প্রতিযোগিতায় নামছেন ব্র্যাডলি কুপার (সিলভার লাইনিংস প্লেবুক), ড্যাঞ্জেল ওয়াশিংটন (ফ্লাইট), ড্যানিয়েল ডে-লুইস (লিংকন), হিউ জ্যাকম্যান (লা মিজারেবলস) এবং জোয়াকিন ফিনিক্স (দ্য মাস্টার)। সেরা অভিনেত্রী বিভাগে লড়াই করবেন জেসিকা চ্যাস্টেইন (জিরো ডার্ক থার্টি), জেনিফার লরেন্স (সিলভার লাইনিংস প্লেবুক), কুভেনঝানে ওয়ালিস (বিস্টস অব দ্য সাউদার্ন ওয়াইল্ড), ইমানুয়েল রিভা (আমর) এবং নাওমি ওয়াটস (দ্য ইম্পসিবল)।সেরা পার্শ্ব-অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন টমি লি জোনস (লিংকন), রবার্ট ডি নিরো (সিলভার লাইনিংস প্লেবুক), অ্যালান আর্কিন (আর্গো), ফিলিপ সিমর হফম্যান (দ্য মাস্টার) এবং ক্রিস্তফ ওয়াল্টজ (জ্যাঙ্গো আনচেইনড)। সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন স্যালি ফিল্ড (লিংকন), জ্যাকি উইভার (সিলভার লাইনিংস প্লেবুক), অ্যানি হ্যাথওয়ে (লা মিজারেবলস), এমি অ্যাডামস (দ্য মাস্টার) এবং হেলেন হান্ট (দ্য সেশনস)। সেরা বিদেশি ভাষার চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘আমর’ (অস্ট্রিয়া), ‘নো’ (চিলি), কন-টিকি (নরওয়ে), ‘এ রয়্যাল অ্যাফেয়ার’ (ডেনমার্ক) এবং ‘ওয়ার উইচ’ (কানাডা)। এ ছাড়া সেরা অ্যানিমেটেড ফিচার বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ফ্র্যাঙ্কেনউইনি’, ‘ব্রেভ’, ‘দ্য পাইরেটস! ব্যান্ড অব মিসফিটস’, ‘প্যারানরম্যান’ এবং ‘রেক ইট র্যালফ’।