>এ বছর কান উৎসবের সিনেফন্ডেশন আয়োজিত লা’তেলিয়েতে আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নির্মাতা কামার আহমাদ সাইমন। কান উৎসবে বাংলাদেশের আরেকটি বড় অর্জন এটি। এর আগে তারেক মাসুদের মাটির ময়না ২০০২ সালে ডিরেক্টর’ ফোর্টনাইটে প্রদর্শিত হয়েছিল। জিতেছিল ফিপরেসকি পুরস্কার। কানে এখন ভীষণ ব্যস্ত কামার। উৎসবস্থল থেকেই জানাচ্ছেন তাঁর ব্যস্ততার খবর। সাক্ষাৎকার নিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরী।

কান চলচ্চিত্র উৎসব কেন এত গুরুত্বপূর্ণ?
অস্কারকে যদিওবা চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কার গণ্য করা হয়, কিন্তু ‘ফরেন ল্যাংগুয়েজ’ ক্যাটাগরির একটা পুরস্কারের বাইরে বাকি পৃথিবীর ছবির সঙ্গে এর কোনো দেনা-পাওনা নেই। সেই বিচারে বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ পীঠস্থান বা এভারেস্ট হলো কান চলচ্চিত্র উৎসব! মেইন কমপিটিশন, স্পেশাল স্ক্রিনিং, আঁ সার্তেন রিগার্দ, ডিরেক্টরস’ ফোর্টনাইট, ক্রিটিকস উইকসহ নানান ক্যাটাগরিতে বিশ্ব চলচ্চিত্রের অন্যতম আয়োজন। সেখানে আপনার ছবির ভাষা ইংরেজি হওয়াটা কিন্তু জরুরি না! বরং নির্মাতা হিসেবে আপনি কী কাজ করেছেন সেটাই গুরুত্বপূর্ণ।
লা’তেলিয়ে সম্পর্কে বলবেন?
লা’তেলিয়ে হলো ২০০৫ সালে শুরু হওয়া কানের একটা কার্যক্রম যেখানে প্রত্যেক বছর ১৫ জন নবীন-প্রবীণ পরিচালককে খুঁজে বের করা হয় তাঁদের সম্ভাবনাময় স্ক্রিপ্ট আর আগের ছবির মেরিট বিচার করে। তারপর প্রযোজকসহ পরিচালকদের আনুষ্ঠানিক নিমন্ত্রণ জানানো হয় উৎসবে। এর আগেই অবশ্য আমন্ত্রিত পরিচালকদের কাজ কানে অংশগ্রহণকারী সম্ভাব্য আন্তর্জাতিক প্রযোজক-পরিবেশকদের কাছে পৌঁছে দেয় আয়োজকেরা। তারপর পারস্পরিক আগ্রহ অনুযায়ী পরিচালকদের সঙ্গে উৎসব চলাকালীন দেখা-সাক্ষাতের ব্যবস্থা করে কান কর্তৃপক্ষ।
আমন্ত্রিত হিসেবে আপনাকে কি ধরনের কার্যক্রমে যুক্ত হতে হয়েছে?
সকাল-বিকেল মিটিং, অফিশিয়াল ফটোশুট, দুপুরে লা’তেলিয়ের লাঞ্চ, রেড কার্পেটে ছবির প্রিমিয়ার দেখা, সন্ধ্যায়-রাতে পার্টি—সবই চলছে পাশাপাশি। মিটিং, লাঞ্চ আর অফিশিয়াল ফটোকল ছাড়া বাকি সবটা অবশ্য ঐচ্ছিক। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগ্রহণটা হবে ২৬ তারিখে। সেদিন কান চলচ্চিত্র উৎসবের ৭০তম উদ্যাপনের গালা ডিনার, বিশ্ব চলচ্চিত্রের বরেণ্য অতিথিদের সঙ্গে আমাদের নিমন্ত্রণ আছে।
এ পর্যন্ত এবারের কান উৎসবে আপনার অভিজ্ঞতা কেমন?
কানে এটা আমার দ্বিতীয়বার আসা। ২০১৪-তে শিকলবাহার স্ক্রিপ্টের জন্য এসেছিলাম ‘লা ফ্যাব্রিক সিনেমা দু মুন্দে’র নির্বাচিত দশ পরিচালকের সঙ্গে। এবার ডে আফটার টুমরোর জন্য অফিশিয়াল নিমন্ত্রণে। স্বাভাবিকভাবেই এবারের আসাটা অনেক বেশি ফোকাসড। শুধু শুধু দেখার জন্য বারবার কানে আসার কোনো মানে হয় না, তাই না! কাজটাও তো করতে হবে, নাকি!
এবারে শুধু শর্ট ফিল্ম কর্নারে বাংলাদেশের দুটো ছবি আছে (‘দাগ’ ও ‘ঢাকা ২.০০’)। এর বাইরে বাংলাদেশের ছবি নেই। আপনার মন্তব্য?
ছবি দুটো দেখার ইচ্ছা আছে, কিন্তু এখনো সুযোগ পাইনি। এটা অবশ্য অনেক আগেই শুরু হওয়া উচিত ছিল। দেরিতে হলেও শুরু যে হলো, সেটাই আসল। নবীন নির্মাতাদের জন্য এটা একটা ভালো সুযোগ। বিন্দু থেকেই সিন্ধুর যাত্রা শুরু, কাউকে না কাউকে শুরুটা করতে হয়।
কান উৎসবে বাংলাদেশের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে। অনেকেই উৎসব দেখতে আসছেন। এবার সে সংখ্যা অন্য যেকোনোবারের চেয়ে বেশি।
এইবার উৎসব দেখতে বাংলাদেশ থেকে অনেকেই এসেছেন, এটা ঠিক। কিন্তু দেখতে আসা আর অংশ নেওয়া কিন্তু এক কথা না। দেখতে দেখতেই যেহেতু শেখার শুরু, ভবিষ্যতে অংশগ্রহণও নিশ্চয়ই বাড়বে। কিন্তু তার আগে উদ্দেশ্যটা ঠিক করতে হবে। আসাটাই যদি উদ্দেশ্য হয়, তাহলে শুধু দেখাটাই হবে... অংশগ্রহণটা হবে না।