এবারের ঈদে মুক্তি পাচ্ছে পাঁচ ছবি
গত রোজার ঈদে টেলিভিশন ও সিনেমা হল মিলিয়ে ছবি মুক্তি পেয়েছিল মোট পাঁচটি। এর মধ্যে হলে মুক্তি পেয়েছিল চারটি এবং টেলিভিশনে পেয়েছিল একটি ছবি। হলে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছিল নাম্বার ওয়ান শাকিব খান, নিঃশ্বাস আমার তুমি, চাচ্চু আমার চাচ্চু , রিকশাওয়ালার ছেলে ও অবুঝ বউ। টেলিভিশনে মুক্তি দেওয়া ছবিটি ছিল অহিদুজ্জামান ডায়মন্ডের গঙ্গাযাত্রা। এবারের ঈদেও এখন পর্যন্ত বাণিজ্যিক ধারার পাঁচটি ছবি মুক্তি দেওয়ার কথা চূড়ান্ত হয়েছে। এগুলো হচ্ছে—এফ আই মানিকের এক জবান, শাফি ইকবালের প্রেম মানে না বাধা, সোহানূর রহমান সোহানের পরাণ যায় জ্বলিয়ারে, নজরুল ইসলামের হায় প্রেম হায় ভালোবাসা এবং স্বপন চৌধুরীর বস্তির ছেলে কোটিপতি।রোজার ঈদের মতো এবারের ঈদেও সর্বাধিক ছবির তারকা হিসেবে থাকছেন শাকিব খান। যথারীতি এবারের ঈদেও শাকিব খান অভিনীত তিনটি ছবি মুক্তি পাচ্ছে। দুটি ছবি নিয়ে এর পরের স্থানে আছেন অপু বিশ্বাস। আর একটি করে ছবি নিয়ে যথাক্রমে আছেন—পূর্ণিমা, রোমানা, মারুফ, সাহারা, রেসি প্রমুখ। ঈদের ছবি সম্পর্কে পূর্ণিমা বলেন, ‘প্রায় দুই বছর পর এবারের ঈদে আমার অভিনীত ছবি মুক্তি পাচ্ছে। ছবিটি গত ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু কিছু জটিলতার কারণে ছবিটি মুক্তি দেওয়া হয়নি। এক ধরনের ভালোলাগার অনুভূতির পাশাপাশি ছবিটি নিয়ে টেনশনও কাজ করছে। এরই মধ্যে ছবিটি আমার দেখা হয়েছে। ছবিটিতে আমি ছাড়াও আছেন রোমানা ও নদী। আর নায়ক হিসেবে থাকছে শাকিব খান। আমি আসলে চেষ্টা করেছি কাজটা একটু আলাদা করে করার জন্য।’ বড় পর্দা ছাড়াও ছোট পর্দায় পূর্ণিমা অভিনীত দুটি টেলিছবি থাকছে। এগুলোতে তাঁর বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন ও অপূর্ব।রেসি বলেন, ‘এবারের ঈদে আমার একমাত্র ছবি মুক্তি পাবে। এটা সম্পূর্ণ প্রেমের ছবি। চেষ্টা করেছি ভালো কিছু করার জন্য। আশা করছি, ঈদ আনন্দে ছবিটির সবার ভালো লাগবে। ’বাণিজ্যিক ধারার ছবির বাইরে এবারের ঈদে টেলিভিশনে প্রিমিয়ার করা হবে দুটি ছবি। এগুলো হচ্ছে চ্যানেলে আইয়ে নুরুল আলম আতিক পরিচালিত ডুবসাঁতার এবং আরটিভিতে নোমান রবিন পরিচালিত পাইরেটস অব দ্য ব্লাড সিক্রেট অথবা জলদস্যু রক্তরহস্য। ডুবসাঁতার ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান, তিন্নী, স্বাগতাসহ আরও অনেকে। অপরদিকে জলদস্যু রক্তরহস্য নামের ছবিটির অভিনয় শিল্পীরা সবাই নবাগত।যথারীতি গত রোজার ঈদের মতো এবারের ঈদেও বড় পর্দায় উপস্থিত থাকা হচ্ছে না শাবনূর, মৌসুমী, ফেরদৌস, পপি ও রিয়াজের মতো জনপ্রিয় বেশ কজন তারকার। রিয়াজ অবশ্য এখন সিনেমায় অভিনয়ের চেয়ে ব্যবসার দিকে বেশি মনোযোগী হয়েছেন। শাবনূর বর্তমানে পড়াশোনার জন্য রয়েছেন অস্ট্রেলিয়ায়। আর ফেরদৌস-মৌসুমী এক কাপ চা ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। বড় পর্দায় পপির উপস্থিতি না থাকলেও টিভির দর্শকেরা পপিকে দেখতে পাবেন বিটিভির একটি নাটকে।