এবারের ঈদে সাত নারীনির্মাতার নাটক
এবার ঈদের অনুষ্ঠানমালায় দেশ টিভি সাত দিনে সাতজন নারীনির্মাতার নাটক দেখাবে। এই নির্মাতারা হলেন সারা যাকের, সুবর্ণা মুস্তাফা, বিপাশা হায়াত, আফসানা মিমি, মৌ, চয়নিকা চৌধুরী ও সুমনা সিদ্দিকী। জানা গেছে, আজ মঙ্গলবার নির্মাতাদের সঙ্গে আলোচনা চূড়ান্ত করেছে দেশ টিভি কর্তৃপক্ষ।দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান পারভেজ চৌধুরী জানান, ঈদের অনুষ্ঠানমালায় নতুনত্ব আনার জন্যই নারীনির্মাতাদের দিয়ে নাটক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে বিপাশা হায়াত ও মৌ এবারই প্রথম নাটক পরিচালনা করবেন। সুবর্ণা মুস্তাফা অভিনয় এবং পরিচালনা করলেও আগে কখনো নাটক লেখেননি। এবার তিনি নিজেই নাটক লিখছেন। লেখা শেষ হওয়ার পর নাটক তৈরির কাজে হাত দেবেন তিনি।পারভেজ চৌধুরী আরও জানান, সাত দিনে সাতটি বিষয়ের ওপর অনুষ্ঠান প্রচার করবে দেশ টিভি। বিষয়গুলো হলো প্রেম, হাসি, বন্ধন, তারুণ্য, যুদ্ধ, রহস্য ও মন।বিপাশা হায়াত বলেন, ‘নাটক পরিচালনা করব এ ধরণের চিন্তা আগে থেকেই ছিল। কিন্তু এত তাড়াতাড়ি যে সেটা করতে হবে, তা ভাবিনি। মজার ব্যাপার হচ্ছে এখনো পর্যন্ত নাটকটি লেখাই হয়নি। দু-এক দিনের মধ্যে নাটকটি লেখা শেষ হবে বলে আশা করছি। আমার বিভাগ হচ্ছে রহস্য।’আফসানা মিমির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘দেশটিভি কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছে এবং তারা আমার জন্য যুদ্ধ বিষয়টা নির্বাচন করেছে। কিন্তু আমি এখনো কোনোকিছু গুছিয়ে উঠতে পারিনি।’দেশটিভির এ ধরনের একটি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চয়নিকা চৌধুরী। তিনি বলেন, এটা খুবই ভালো একটি উদ্যোগ। আমি আসলে কিছুটা নার্ভাসও এ রকম গুণী নির্মাতাদের সঙ্গে কাজ করতে পেরে। তা ছাড়া দেশ টিভিতে এটি আমার প্রথম নাটক। একদিকে যেমন ভালো লাগছে, অপরদিকে বেশ উত্তেজনাও কাজ করছে। সাত দিনের এ আয়োজনে আমার বিভাগ হচ্ছে প্রেম।’ চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটি লিখেছেন ইমদাদুল হক মিলন। আর নাটকের নাম রাখা হয়েছে ‘যারা বৃষ্টিতে ভিজেছিল’। নাটকটির অভিনয়শিল্পী হলেন আনিসুর রহমান মিলন ও প্রভা।