এবারের ঈদেও চারটি ছবি?

আওয়াজ ছিল আগামী ঈদে সম্ভাব্য মুক্তির তালিকায় ছবির সংখ্যা হবে ৬। ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজ, অনলাইন পোর্টালেও সেই খবর বেরিয়েছে। ছবি ছয়টি হলো—ওয়াজেদ আলীর রক্ত, শামীম আহমেেদর বসগিরি, ইফতেখার চৌধুরীর ওয়ানওয়ে, হিমেল আশরাফের সুলতানা বিবিয়ানা, রাজু চৌধুরীর শুটার ও শাহ আলম মন্ডলের আপন মানুষ। কিন্তু শেষ পর্যায়ে এসে সুলতানা বিবিয়ানা ও আপন মানুষ ছবি দুটি সম্ভাব্য মুক্তির তালিকা থেকে বাদ দেওয়ার কথা জানিয়েছে ছবি দুটির প্রযোজনা প্রতিষ্ঠান। দুটি ছবিরই দুটি করে গান বাকি। সুলতানা বিবিয়ানা ছবির নায়ক বাপ্পী যুক্তরাষ্ট্রে আছেন, আপন মানুষ ছবির নায়িকা রক্ত ছবির শুটিংয়ে ব্যস্ত। সময়মতো তাঁদের শিডিউল না পাওয়াতে ছবি দুটি মুক্তি দিতে পারছেন না তাঁরা।
এখন বাকি চারটি ছবি ঈদে সম্ভাব্য মুক্তির তালিকায়।
ওয়ানওয়ে ছাড়া বাকি তিনটি ছবি এখনো সেন্সর ছাড়পত্র পায়নি। তবে, এরই মধ্যে ছাড়পত্র পেতে তিনটি ছবিই সেন্সর টেবিলে জমা পড়েছে।
গেল ঈদে শাকিব খানের তিনটি ছবি মুক্তি পেলেও এবার পাবে দুটি। এবার শাকিবের বসগিরি ছবিটির সঙ্গে একই ঘরের যৌথ প্রযোজনার রক্ত ছবিটির লড়াই জমে উঠতে পারে। তবে লড়াইয়ে বিশ্বাসী নন শাকিব খান। তিনি মনে করেন, যে ছবির কাজ ভালো হবে, সেই ছবিই দর্শকেরা দেখবেন।

তারপরও বসগিরি ছবিটি নিয়ে আশাবাদ ব্যক্ত করে শাকিব খান বলেন, ‘বড় বাজেটের ছবি এটি। ছবির গল্প, অ্যাকশন ও গান সমানভাবে দর্শকের কাছে উপভোগ্য হবে। বজরঙ্গি ভাইজানসহ হিন্দি ছবির জনপ্রিয় ভারতীয় নৃত্যপরিচালক আদিল শেখ বসগিরি ছবির সব গানের কোরিওগ্রাফি করেছেন। এতে করে ঢালিউডের গানে নতুন মাত্রা যোগ হয়েছে বলে আমি মনে করি।’

সম্প্রতি ইউটিউবে মুক্তি পাওয়া এই ছবির ‘মন তোকে ছাড়া বোঝে নারে’ গানে তেমনটিই দেখা গেছে। গানে বেরিয়ে এসেছে নতুন এক শাকিব। তবে তাঁর অভিনীত শুটার ছবিকেও পিছিয়ে রাখছেন না এই নায়ক। শাকিব বলেন, ‘বসগিরির চেয়ে হয়তো শুটার-এর বাজেট কম। শুটিংও শেষ করতে একটু তাড়াহুড়া করতে হয়েছে। তবে ছবির গল্প শক্তিশালী।’
এদিকে, রক্ত ছবির ‘ডানা কাটা পরী’ গানটি দিয়ে আগেই আলোচনায় এসেছেন ছবির নায়িকা পরীমনি। তাঁর মতে, ঈদে ঢালিউডে এই ছবিটি ঝড় তুলতে পারে। পরীমনির বক্তব্য, ‘এই ছবিতে অনেক শ্রম দিয়েছি আমি। অনেক দুঃসাহসিক দৃশ্যে অংশ নিতে হয়েছে আমাকে। এবার নতুন পরীমনিকে দেখবেন দর্শকরা।’ শুধু তাই-ই নয়, চলচ্চিত্রে অভিষেক হওয়া গত দেড় বছরে পরীমনি অভিনীত আটটি ছবি মুক্তি পেয়েছে। এবারই প্রথম ঈদে কোনো ছবি মুক্তি পাচ্ছে তাঁর। তাই ঈদে পরীমনিকে ঘিরে দর্শকের বাড়তি একটা আগ্রহও আছে। এমনটিই মনে করছেন রক্ত ছবির পরিচালক ওয়াজেদ আলী।
অন্যদিকে, অ্যাকশন থ্রিলারধর্মী গল্প নিয়ে ওয়ানওয়ে ছবিটিকেও অন্য সব ছবি থেকে এগিয়ে রাখতে চান ছবির নায়ক-নায়িকা বাপ্পী চৌধুরী ও ববি। বাপ্পী বলেন, ‘যেসব ভক্ত-দর্শক চলচ্চিত্রে আমাকে আর ববিকে এ পর্যায়ে এনেছেন, ঈদ উৎসবে আমাদের নিয়ে তাঁদেরও একটা অপেক্ষা আছে। তা ছাড়া অ্যাকশন ছবি নির্মাণে ঢাকার চলচ্চিত্রে ইফতেখার চৌধুরীরও একটা সুনাম আছে। সব মিলে ওয়ানওয়ে দেখতে প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় থাকবে বলে আমার বিশ্বাস।’
এই চার ছবির আরও অভিনয় শিল্পীরা হলেন—নবাগত বুবলি ও রোশান এবং মিশা সওদাগর, আশীষ বিদ্যার্থী, রজতভ দত্ত, মিজু আহমেদ, সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, অমিত হাসান, শিরিন বকুল, মাজনুন মিজান, কবির তিথি, বিপ্লব চ্যাটার্জি, প্রসন, রাজা দত্ত প্রমুখ।
