এবারের ঈদ উৎসবে তিনটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে—এম এ জলিল অনন্ত পরিচালিত ও অভিনীত নিঃস্বার্থ ভালোবাসা, পি এ কাজলের ভালোবাসা আজকাল এবং বদিউল আলম খোকন পরিচালিত মাই নেম ইজ খান। ১৭৩টি প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত তিনটি চলচ্চিত্রের কাহিনি উপাদান প্রেম, ক্রোধ ও হিংসা। প্রতিটি চলচ্চিত্রই ডিজি টেকনোলজিতে সুনির্মিত। চলচ্চিত্রের উদ্দেশ্য যেহেতু নির্দিষ্ট অথবা ব্যাপক দর্শককুল, যাদের পছন্দে তিনটি চলচ্চিত্রই ছক্কা পেটানো ব্যবসা করছে। ঈদে মুক্তি পাওয়া তিনটি ছবির আলোচনা নিয়েই আমাদের এবারের মূল রচনা। মাই নেম ইজ খান ও ভালোবাসা আজকাল ছবি দুটো নিয়ে আলোচনা করেছেন চলচ্চিত্রকার মতিন রহমান এবং নিঃস্বার্থ ভালোবাসা ছবিটি নিয়ে আলোচনা করেছেন চলচ্চিত্র সমালোচক ফাহমিদুল হক
এবারের ঈদের সিনেমা
মাই নেম ইজ খানআলোছায়ায় শব্দ-দৃশ্যের রহস্যময় ভুবন‘আই অ্যাম অনলি ওয়ান, মাই নেম ইজ খান’—অ্যাকশনধর্মী চলচ্চিত্র মাই নেম ইজ খান চলচ্চিত্রে শাকিব খানের সংলাপ। অশুভ শক্তিকে পরাজিত করার মন্ত্র। এই চলচ্চিত্রের দুই বিপরীত শক্তি প্রবীর মিত্র ও নূতন। প্রবীর মিত্র শাকিব খানের বিত্তশালী দাদা। নায়িকা অপু বিশ্বাসের মা নূতন। অপর অপশক্তি জেলবন্দী মিশা সওদাগর। ত্রিকোণ শক্তি, দ্বন্দ্বের মাঝেই শাকিব খান-অপু বিশ্বাসের প্রেম অভিসার। শাকিব খানকে ফাঁকি দিতে শ্রমিক, কখনো গ্যাস স্টেশনে গ্যাস বিক্রেতা—নানারূপে অপু বিশ্বাসের পর্দায় উপস্থিতি। ধনীবিদ্বেষী শাকিব খানকে পেতে কোটিপতির-কন্যা অপু বিশ্বাসের প্রাণান্ত চেষ্টা। ঘটনাপ্রবাহে প্রবীর মিত্রের পুরোনো গৃহকর্মীর কাছে শাকিব খান জানতে পারে, তার পিতা-মাতার খুনি তার প্রিয় দাদা। তার জন্ম জঙ্গল জঞ্জালে। যে দাদুকে আদর্শ ভেবে বড় হয়েছে শাকিব, সেই তিনিই (প্রবীর মিত্র) আসলে নিষ্ঠুর এক সোলায়মান খাঁ। নিজের জীবনটাকে পরখের জায়গা থেকে দেখে ফেলে শাকিব খান। দাদা প্রবীর মিত্রের বিশাল আয়োজন। আজ তার নাতি শাকিব খানের জন্মদিন। শাকিব খানের আগমন। স্পর্ধা ও সাহসে দাদার সম্পর্ক অস্বীকার করা। সবকিছু ত্যাগ করে বাবা ও মায়ের ছবি নিয়ে বাড়ি থেকে চলে যাওয়া। টান টান গল্প। জমজমাট নাট্যরস। এ পর্যন্ত ছিল মাই নেম ইজ খান চলচ্চিত্রের অপ্রত্যাশিত চমক। যথারীতি গল্প গতিতে বাণিজ্য চলচ্চিত্রের সমীকরণে তপ্ত, তাৎক্ষণিক চোখ ধাঁধানো, মনমাতানো নৃত্যগীতের পরিবেশনার মধ্যেই যুক্ত হয় প্রবীর মিত্র ও নূতনের হিংসা, জখম ও শৃঙ্খলাভঙ্গের আনন্দ উল্লাস।মাই নেম ইজ খান চলচ্চিত্রের অন্য চরিত্রগুলোর নিশ্চিন্ত জীবন যাপনে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ইচ্ছামতো মারপিট, ধ্বংস, হত্যা, রক্তপাত, অগ্নিসংযোগ ঘটায়। করে নায়িকা ছিনতাই। হেলিকপ্টারে খলনায়কের আগমন—সবটাই যেন ধ্বংসযজ্ঞের পৃথিবী। অথবা ফ্র্যাগমেন্ট অব এন্টারটেইনিং রিয়ালিটি। আইন কোথায়? পুলিশ-প্রশাসন কোথায়? ঢাকা নগরের কোন এলাকায় হেলিকপ্টার, বোমা-বারুদ ফাটিয়ে মহা প্রতিশোধ অথবা প্রেমযুদ্ধ হচ্ছে? এত প্রশ্নের উত্তর দর্শক না খুঁজে পরম তৃপ্তিতে মাই নেম ইজ খান চলচ্চিত্রটি উপভোগ করল। সংগ্রাম শেষে শাকিব-অপু বিশ্বাসের স্বপ্নপূরণে তৃপ্ত মনে প্রেক্ষাগৃহে থেকে বের হলো। অদ্ভুত শোনালেও বলতে হয়, আলোছায়ায় শব্দদৃশ্যের রহস্যময় ভুবন তৈরি করে দর্শকদের মনের অতল বাসনা পূরণে সম্পূর্ণ সফল বদিউল আলম খোকন।এই ছিলমাই নেম ইজ খান চলচ্চিত্রের দুয়ে দুয়ে চার হওয়ার গল্প রসদ। চলচ্চিত্র ভাবুকেরা আজও বলে যাচ্ছেন, চলচ্চিত্র হলো বাস্তবতার পুনর্নির্মাণ। কোন বাস্তব চোখে দেখা। না, পরিচালকের চোখে দেখা পর্দায় প্রতিফলিত বাস্তব ভিন্ন সুরে বাঁধা। যে বাস্তবকে দেখতে দর্শকদের সকল পার্শ্বিক বাস্তবতা থেকে দূরে থাকতে হয়। আড়াই ঘণ্টা অন্ধকার প্রেক্ষাগৃহে পরিচালক-সৃষ্ট বাস্তবতাকে মেনে নিতে হয়। এত সব মেনে নিতেও দর্শক হোঁচট খায়। আচ্ছা, শাকিব খানকে খুশি করতে অপু বিশ্বাস গণশিক্ষা, সেবাপ্রতিষ্ঠান নির্মাণে অর্থের উৎস কোথায়? বিদেশের মনোরম লোকেশনে গানের দৃশ্যের পরই ঢাকায় চিত্রায়িত দৃশ্য দেখতে হোঁচট খেতে হয় কেন? ভারী ভারী উপমাযুক্ত সংলাপ ব্যাকরণসিদ্ধ নয়, তবু দর্শক হাততালি দেয় কেন?এত সব প্রশ্নের উত্তর জমা থাকল। কারণ, দর্শক নৃত্য ও গীতের সুসম দৃশ্যমান জগৎকে দেখতে পেয়েছে শুদ্ধরূপ সৌন্দর্যভাবে। ক্যামেরার ব্যবহার, সম্পাদনার গতিতে যা ছিল প্রাণবন্ত। শব্দ, সংলাপ, সংগীত চলচ্চিত্রের ব্যঞ্জনা প্রকাশ করে। গল্পের গতিকে ধাবিত রাখে। চরিত্রে ভাব, ভবিষ্যৎ বক্তব্যকে উদ্ভাসিত করে। সব শব্দের মাঝেও নিঃশব্দ একটি চলচ্চিত্র ভাষা। যে ভাষায় হাজারো কথা বলা যায়। এই নিঃশব্দের প্রয়োগ চলচ্চিত্রে সম্পূর্ণই অনুপস্থিত। যে পরিচালক চলচ্চিত্রের মধ্যে শিল্পরসের সন্ধান করেন, তিনিই শত শব্দের মধ্যে নিঃশব্দ খুঁজে ফেরেন।ভালোবাসা আজকালভিজুয়াল দর্শকদের তৃপ্ত করেবাঙালি দর্শকের নাড়ির গতি ধরে এগিয়ে যাচ্ছে জাজ মাল্টি মিডিয়া। তার প্রমাণ তাদের বিগত দিনের প্রযোজিত চলচ্চিত্রগুলো। এবার ঈদ বিনোদনে তাদের উপহার পিএ কাজল পরিচালিত ভালোবাসা আজকাল। পি এ কাজল তাঁর নিজের কাছে একটা সামাজিক অঙ্গীকারাবদ্ধ। তিনি নানা ধরনের সাক্ষাৎকারে বলেন, ‘আমার মা যা পছন্দ করেন না, আমি তেমন চলচ্চিত্র নির্মাণ করি না।’ সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জাজ মাল্টি মিডিয়া প্রযোজিত ভালোবাসা আজকাল। তরুণ প্রজন্মের ভাব আবেগের বিশুদ্ধ উপকরণে শাকিব খান ও মাহীর প্রথম জুটির চলচ্চিত্র ভালোবাসা আজকাল। সরল গল্পের কেন্দ্রবিন্দু আলীরাজের বড় হওয়ার স্বপ্ন। মাহীকে কিডন্যাপ করে প্রবাসে আত্মগোপন। মাহীর বন্দীজীবন। স্বপ্নে দেখা বাংলাদেশে ফেরার ব্যাকুলতা। একসময় পালিয়ে প্রবাস থেকে বাংলাদেশে আসা। দুই প্রতারক শাকিব খান ও কাবিলার চক্করে পড়া। পিতা আলীরাজের উৎকণ্ঠা। কন্যা মাহীর সন্ধান চেয়ে পুরস্কার ঘোষণা। অর্থলোভে শাকিব খান ও কাবিলার মাহীকে আলিশান বাড়িতে আটকে রাখা। একসময় মাহীর জিদ রক্ষায় তাঁকে নিয়ে বান্দরবান যাত্রা। পথে নানা সংকট। নানা কৌতুক। এর মাঝে মাহী-শাকিব খানের প্রেমানুরাগ, ভাব বিনিময়। মন সুতার টানে কাছে আসা। থাকা পাশাপাশি। অবশেষে মাহীর স্বপ্নে দেখা জমিদারবাড়ির সন্ধান লাভ। যে জমিদারবাড়িতে তাঁর শৈশবকাল কেটেছে। যেখানে তার বাবা ছিল, মা ছিল। যেখান থেকে তাঁকে কিডন্যাপ করে নিয়ে যায় আলীরাজ। স্বপ্নের বাড়িতে প্রবেশের উদ্যোগ। আগেই এই জমিদারবাড়িতে আসা আলীরাজ ও তাঁর পেটোয়া বাহিনীর আগমন, আত্মগোপন। শাকিব খানের ধৃত হওয়া। জেলহাজত। মাহীকে বন্দী করা। মাহীর পিতা-মাতার কাছ থেকে সম্পত্তি দখলের নাটক। পুলিশি চালান দৃশ্য থেকে শাকিবের পালিয়ে বাঁচা। প্রতিশোধ শক্তি বলে যথাসময়ে শাকিব খানের আগমন। দুষ্ট শক্তির বিনাশ। শাকিব খান ও মাহীর মধুর মিলন। এই ছিল ভালোবাসা আজকাল চলচ্চিত্রের গল্পকাঠামো।চলচ্চিত্রের উপাদান, কলাকৌশল, যার আঙ্গিক নিত্য পরিবর্তনের মধ্যেই ধাবিত হয়; সেখানে এই গল্প বর্ণনায় দর্শক নতুন কী দেখল? পরিচালক নায়ক ও নায়িকার অবসন্ন মুহূর্তে স্বপ্নময় দৃশ্যের পরিবেশ আনতে পেরেছেন। আপাত ঘনরাত। বাঁশের সেতু। সরু জলের খাল। জলাকাশে জোনাক পোকার ঝিকিমিকি। যা সত্যিই চলচ্চিত্রের পর্দায় একটা বিমূর্ত ভাবের জন্ম দেয়। চমৎকার আবেগ সৃষ্টি করে। এমনতর জোনাকপোকার আলো পর্দায় তুলতে কালো পর্দার সামনে টর্চের আলো নিয়ে অনেক পরিচালককে লম্ফঝম্ফ করতে হয়েছিল একসময়। এ ছাড়া বাঁশঝাড়ে বৃষ্টি, মানকচুর পাতাকে নায়িকার জন্য ছাতা বানিয়ে দেওয়া অবশ্যই দৃশ্য ডিটেলসের উদাহরণ। মানুষ তার মনোবল শক্তিতে এভারেস্ট চূড়া স্পর্শ করেছে। চিকিৎসাবিজ্ঞানও বলছে, রোগ-ব্যাধি থেকে মুক্ত হতে মনোবল কাজে লাগানো যেতে পারে। এই বিশ্বাসে শাকিব খান মাহীর পা কেটে যাওয়া দৃশ্যে লতাপাতা দিয়ে চিকিৎসা করার চেষ্টা করে। লতাপাতার চিকিৎসার পুনরাবৃত্তি ঘটে শাকিব খান শেষ দৃশ্যে চাকুবিদ্ধ হলে। দুটি দৃশ্যেই নায়ক ও নায়িকার ক্লোজ শটের ভাবগত ট্রিটমেন্ট প্রেম বিশ্বাস অর্থে পরিপূর্ণ।ভালোবাসা আজকাল চলচ্চিত্রের গান গীতে তারুণ্যের চেতনা ও ভালোলাগার ব্যাকরণে বাঁধা। দৃশ্য নির্বাচন, নৃত্যভঙ্গি মুগ্ধতাপূর্ণ। বৈচিত্র্যপূর্ণ প্রাকৃতিক সৌন্দর্য ধরতে ক্যামেরার ছিল অনুসন্ধানমূলক দৃষ্টি। ‘স্বপ্ন স্বপ্ন স্বপ্ন’ গানটি শাকিব খান ও মাহীর পরিচয়, সম্পর্ক থেকে দুটি মনের ভাবনার বিনিময় তথ্য প্রকাশে সম্পূরক দৃশ্য প্রকাশ, শুধু স্বপ্ন দেখানো নয়। পরিচালক সমসাময়িক ঘটনাও যুক্ত করেছেন চিত্রনাট্যে। যেমন ম্যারেজ মিডিয়া নামধারী প্রতিষ্ঠানগুলোর বর-কনে সাজানো প্রতারণা প্রসঙ্গ। বিশ্বাসযোগ্য ভিজুয়ালই চলচ্চিত্রের মূল উপাদান। বিশ্বাসে চ্যুতি ঘটলেই দর্শকের মনে নানাবিধ প্রশ্ন দানা বাঁধে। হাস্যকৌতুকের ছলে মায়ের মাথা ছুঁয়ে কসম কাটা এবং পরবর্তী সময়ে গল্পে নায়কের ধোঁকাবাজি করা আরোপিত ঘটনা না হলেও স্থূল যুক্তিতে এগিয়ে যাওয়া। আবার মায়ের মৃত্যুতে কসম শর্ত তুলে নিয়ে নায়কের ভালো মানুষ হওয়ার বাসনা। এসব দৃশ্য দর্শকদের নাড়া দিতে কখনো ব্যর্থ হয়েছে, যা ছিল চিত্রনাট্যের দুর্বল অনুষঙ্গ।ভালোবাসা আজকাল সার্বিকভাবে রসোত্তীর্ণ চলচ্চিত্র কি না, প্রশ্ন আছে। যদি ভাবতে পারা যায় যে চলচ্চিত্র বর্তমানে একটি প্রাযুক্তিক উৎপাদন, তাহলে গানের দৃশ্যের পটভূমিতে ধূসর মরুভূমি, পিরামিড ইত্যাদি ভিজুয়াল দর্শকদের তৃপ্ত করে, যা বাংলাদেশের চলচ্চিত্রকে আধুনিক দৃষ্টিকোণ থেকে নির্মাণ এবং ঋজু করে তোলার প্রয়াস আছে ভালোবাসা আজকাল চলচ্চিত্রে। দীর্ঘ সময়ের চলচ্চিত্র জীবনচর্চায় শাকিব খান এখন সিনিয়র শিল্পী। একজন নতুন সহশিল্পী মাহীকে সহযোগিতার হাত বাড়িয়ে প্রতিটি দৃশ্যাভিনয়ে তিনি আন্তরিক ছিলেন। মাহীর শিশুসুলভ আচরণ, হাসি-কান্না সাবলীল গদ্যের মতো। চরিত্রের দাবিতে তাঁর আঙ্গিক বাচিক অভিনয় জুতসই মার্জিত।নিঃস্বার্থ ভালোবাসাঅসম্পূর্ণ স্পেক্ট্যাকলচার বছরে পাঁচটি চলচ্চিত্র প্রযোজনা করে এম এ জলিল অনন্ত মৃতপ্রায় বাংলাদেশের চলচ্চিত্র কারখানায় কিছুটা প্রাণসঞ্চার করেছেন। পাঁচটি চলচ্চিত্রেই তিনি প্রধান অভিনেতা বা নায়কের চরিত্রটি নিজের কাছেই রেখেছেন। কাহিনির আন্তর্জাতিক চেহারা, বিগ বাজেট, স্পেশাল ইফেক্টের ব্যবহার, মনোরম লোকেশন বাছাই ইত্যাদি কারণে তাঁর চলচ্চিত্রগুলো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। আবার আন্তর্জাতিক চেহারা দেওয়ার জন্য ইংরেজির প্রয়োগ-অপপ্রয়োগ, কাহিনির উদ্ভটত্ব বা তাঁর জড় অভিনয়রীতি অথবা নিজের কাজ নিয়ে মিডিয়ায় তাঁর বেপরোয়া আত্মবিশ্বাসের প্রকাশ ইত্যাদি বিষয় কিছু মিশ্র আলোচনার জন্ম দেয় দর্শকদের মধ্যে। সর্বশেষ চলচ্চিত্র নিঃস্বার্থ ভালোবাসায় তিনি কাহিনিকার ও পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছেন। এই চলচ্চিত্রটির কাহিনিতে মূল চরিত্রের নামও অনন্ত, যে দেশের একজন সুপারস্টার ও ব্যবসায়ী। চলচ্চিত্রের কাহিনিতে অনন্তের শৈশব থেকে বর্তমান পর্যন্ত যে তথ্য দেওয়া হয়েছে, তা তার নিজের জীবনের সঙ্গে প্রায় মিলে যায়। তাঁর নায়িকা মেঘলার চরিত্রে অভিনয় করেছেন বর্ষা, যে মফস্বল থেকে রাজধানীতে এসেছে শোবিজে ক্যারিয়ার গড়তে, অনন্তর সাহায্য নিয়ে সে রকম একটি ক্যারিয়ার গড়তে সমর্থ হয়। বাস্তব জীবনেও অনন্ত প্রযোজিত খোঁজ: দি সার্চ চলচ্চিত্র দিয়েই বর্ষা নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন এবং চলচ্চিত্রে বর্ষার চরিত্রটির নাম মূল নামের কাছাকাছি, মেঘলা। ফলে কোথাও উল্লেখ না থাকলেও, চলচ্চিত্রের কাহিনির মূল ভিত্তিটি তাঁদের দুজনের জন্য আত্মজৈবনিক। তবে কাহিনির মূল মোচড় আছে অনন্তর তথাকথিত নিঃস্বার্থ ভালোবাসা ও উচ্চাভিলাষী মেঘলার বারবার অনন্তকে ছেড়ে অন্য পুরুষের কাছে চলে যাওয়ার বৈপরীত্যের মধ্যে। অনন্তর নিঃস্বার্থ ভালোবাসার কর্মসূচির মধ্যে রয়েছে মেঘলাকে শোবিজে ব্রেক দেওয়া, ফ্ল্যাট-গাড়ি কিনে দেওয়া, মেঘলার দুই বোনকে ঢাকায় নিয়ে এসে স্কুল-কলেজে ভর্তি করিয়ে দেওয়া, মেঘলার বাবা-মায়ের জন্য গ্রামেও একটি বাড়ি করে দেওয়া এবং সর্বোপরি মেঘলা বারবার তাকে ছেড়ে গেলেও, মেঘলা বিপদগ্রস্ত হলে তাকে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়া। অন্যদিকে মফস্বল থেকে শোবিজ ক্যারিয়ারের জন্য রাজধানীতে এসে পদে পদে ঠকার পর মেঘলাকে অনন্তই প্রতিষ্ঠিত করে দেয়, আবাসন ও বিলাসব্যসনের ব্যবস্থা করে দেন, অথচ প্রতিষ্ঠিত হওয়ামাত্র মেঘলা অন্য পুরুষের সঙ্গে প্রেম শুরু করে, অধিক প্রচার ও খ্যাতির জন্য যে কারও ডাকে যেকোনো পার্টিতে হাজির হয় এবং মদ্যপান করে মাতলামি করে। যদিও ঠকার পরে মেঘলা অনন্তর কাছেই ফিরে আসে, কিন্তু তার আগে তাকে উপেক্ষা করে, অপমান করে। এই ছবির কাহিনিতে আগাগোড়া কোনো ভিলেন নেই, ভিলেন যদি কেউ থাকে তবে তা নায়িকা মেঘলাই। এই চলচ্চিত্রের চিত্রনাট্যে দুর্বলতা রয়েছে, দুর্বলতা আছে সংলাপেও। আত্মজৈবনিকতার ছোঁয়া থাকলে কাহিনি যেমন বিশ্বস্ত হওয়ার কথা, তেমনটি হয়ে ওঠেনি। চরিত্রগুলো ঠিকমতো বিকশিত হয়নি। প্রথম পর্যায়ে যে মেঘলা অনন্তর প্রতি এতটা কৃতজ্ঞ-বিশ্বস্ত, পরবর্তী পর্যায়ে সে কী কারণে অনন্তকে বারবার ছেড়ে যান, তা প্রতিষ্ঠিত হয়নি। একবার কেবল মেঘলা বলে যে তুমি তোমার কাজ নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাক, তাই আমি নানাজনের সঙ্গে সময় কাটাই। অন্যদিকে অনন্ত চরিত্রটির মধ্যে রয়েছে অজস্র গুণাবলি ও সদ্গুণের অসহ্য সমাবেশ। সে দেশের সেরা ১০ ধনীর একজন, দেশের শীর্ষস্থানীয় তারকা, মদ খায় না ও পার্টি করে না, অনেক নারীর আহ্বানে সাড়া দেয় না, মৃত বাবার উপদেশ ভুলে যায় না, গরিব-এতিম-অসহায় মানুষদের জন্য চ্যারিটি করে, সর্বোপরি প্রেমিকার কাছে বারবার প্রতারিত হওয়ার পর তাকেই সে সব সম্পত্তি লিখে দিয়ে আত্মহত্যায় উদ্যোগী হয়। অবশ্য আত্মহত্যার মুহূর্তে সাংস্কৃতিক ব্যক্তিত্বের রূপধারী স্মাগলার বশির খানের ফোন পেয়ে তার হাত থেকে মেঘলাকে উদ্ধার করতে তাকে ব্যাংককে রওনা দিতে হয়। নিজের চরিত্রকে এ রকম মহামানবরূপে নির্মাণ করার লোভ সামলাতে না পারাটা খেয়াল করার মতো।কাহিনিকার অনন্ত গতানুগতিক ও জনপ্রিয় সব অনুষঙ্গ ব্যবহার করে দর্শক ধরার চেষ্টা করেছেন। ফলে আলগা একটা আধুনিকতার ভঙ্গি থাকলেও, মতাদর্শিক দিক থেকে নিঃস্বার্থ ভালোবাসা একটি গতানুগতিক ছবি। এই গতানুগতিকতার মধ্যে রয়েছে মাতৃ-পিতৃভক্তি, মদ্যপানকে প্রচলিত নৈতিকতার বিচারে গর্হিত অপরাধ হিসেবে চিহ্নিত করা, আল্লাহকে বারবার সাক্ষী মানা এবং নারীর অধস্তনতাকে সুনিশ্চিত করা। মেঘলাকে স্বাধীন একজন পেশাজীবী হিসেবে নির্মাণ করার পরিবর্তে লোভী-স্বেচ্ছাচারী হিসেবে নির্মাণ করা হয়েছে, যে বারবার ভুল করে অনন্তর কাছেই ফিরে আসে। বিপথগামী নায়িকা তার ভুলের জন্য নায়কের পা ধরে ক্ষমা চাইছে, ঢাকার চলচ্চিত্রের এ রকম গতানুগতিক ইমেজ এই ছবিতেও ব্যবহার করা হয়েছে। এই ছবির চিত্রগ্রাহকের দায়িত্বে ছিলেন দেশের নামী সিনেমাটোগ্রাফার মাহফুজুর রহমান খান। ফলে ক্যামেরার মুভমেন্ট স্বাভাবিক ছিল, ঢাকাই ছবিতে যেমন থাকে, তেমন পীড়ন চোখে পড়ে না। এখানে ব্যবহূত গানগুলো মৌলিক, থ্রিলিং দৃশ্যগুলোসহ আবহ সংগীত উতরে যায়। জমজমাট ছবির জন্য ক্ষণে ক্ষণে ব্যবহূত সাউন্ড ইফেক্টকেও মানা যায়। পোস্ট-প্রডাকশন পর্যায়ে চেন্নাইয়ের স্টুডিওকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা লক্ষণীয়। ‘বুঝলি না তুই ...’ ত্রিমাত্রিক গানটিতে চিত্রায়িত বিধ্বস্ত এক নগরের পরিবেশটি ঢাকার চলচ্চিত্রে অভিনব। তবে বুক খামচে হূদয় বের করে আনার স্পেশাল ইফেক্টটিকে বাড়াবাড়ি বলতে হবে। পাত্র-পাত্রী নির্বাচন যথাযথ হয়েছে —রাজ্জাক, বর্ষা, মিশা সওদাগর, কাবিলা চরিত্রানুযায়ী যথাযথ ছিলেন। মেঘলার বোন ও প্রেমিক রাহুলের চরিত্রে দুজন সবচেয়ে স্বাভাবিক অভিনয় করেছেন। কাহিনির বিন্যাস অবিশ্বস্ত হলেও, ছোট ছোট চরিত্রের (যেমন, অনন্তর ভক্তরা) নির্বাচনও যথাযথ ছিল। অভিনয়ে কম নম্বর পাবেন অনন্ত নিজে। মারামারির বা উচ্চকিত অভিনয়ের দৃশ্যগুলোতে এক রকম মানিয়ে গেলেও, স্বাভাবিক বা রোমান্টিক দৃশ্যগুলোতে তাঁর এক্সপ্রেশনে জড়তা রয়েছে। প্রথম জীবনে হলিউডের শোয়ার্জনিগার যেমন সব পরিস্থিতিতে একই এক্সপ্রেশন দিতেন, অনন্তর একই সমস্যা থেকে গেছে। তাঁর কর্কশ কণ্ঠ নিয়েও অনেক কাজ করতে হবে।বিগ বাজেটের জনপ্রিয় চলচ্চিত্র মানেই একটা ‘স্পেক্ট্যাকল’—জাঁকজমকপূর্ণ প্রদর্শনী। অনন্ত জলিলের চলচ্চিত্রে তার একটা ভঙ্গি বা প্রচেষ্টা আছে। কিন্তু মুক্তি দেওয়ার আগে তাঁর চলচ্চিত্রের থিম, কাহিনিবিন্যাস ও চিত্রায়ণের ক্ষেত্রে আরও পরিচর্যার প্রয়োজন রয়েছে।